আমির খানের ‘সিতারে জমিন পর!’ একঝলকে দেখেনিন নেটিজেনরা কী বলছেন?

তিন বছর পর বড়পর্দায় ফিরলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ২০২২ সালে তাঁর শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ার পর, সকলের চোখ ছিল ‘সিতারে জমিন পর’-এর উপর। স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর হিন্দি এই ভার্সনটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়া কেমন? উইকেন্ডে ছবিটি দেখার পরিকল্পনা থাকলে, এক ঝলকে দেখে নিন নেটিজেনরা কী বলছেন।

‘সিতারে জমিন পর’: আবেগ, হাসি আর চোখের জলে মোড়া এক মানবিক গল্প

ছবি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শক প্রতিক্রিয়ার বন্যা। নেটিজেনদের একটা বড় অংশ ‘সিতারে জমিন পর’-এর চিত্রনাট্য, অভিনয় এবং আবেগপূর্ণ উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন।

এক X (আগের টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “‘সিতারে জমিন পর’ আপনার হৃদয় ছুঁয়ে যায়। এটি মানুষের চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলে। এই সিনেমা কখনও হাসায়, কখনও কাঁদায় আবার কখনও আশাও জাগায়। সুপারস্টার আমির খান এমন এক দুর্দান্ত সিনেমায় তাঁর অর্থ এবং সময় ব্যয় করেছেন, যা সাহসী ও ঝুঁকিপূর্ণ।” অন্য এক দর্শক বলেছেন, “জাস্ট দেখলাম সিতারে জমিন পর। হ্যাঁ, এটা স্প্যানিশ সিনেমার রিমেক। তারপরও সিনেমা আপনার মন ছুঁয়ে যাবে। আমির সত্যিই খুব ভালো সিনেমা বানিয়েছেন। আর এই সিনেমার বাকি তারকারা এক কথায় অসাধারণ। অবশ্যই এই সিনেমা দেখা উচিত।”

ছবিটির ‘ইমোশনাল কোশেন্ট’ দর্শকদের বিশেষভাবে স্পর্শ করেছে। একজন দর্শক মন্তব্য করেছেন, “আপনি এই ছবিটিকে তারকা দিয়ে মাপতে পারবেন না। আপনি কোনও রেটিং দিয়ে বাচ্চাদের আবেগ এবং কঠোর পরিশ্রমের তুলনা করতে পারবেন না। এটা আবেগপ্রবণ, এখনকার জন্য প্রযোজ্য সিনেমা। ‘সিতারে জমিন পর’ অবশ্যই দেখা উচিত।” আরেকজনের কথায়, “আমির খানের সিনেমা মন ছুঁয়ে গিয়েছে। এটি একটি আবেগঘন রোলার কোস্টার সিনেমা, যা আপনাকে হাসাবে আবার কাঁদাবেও। আমির খানের অভিনয় অনবদ্য, স্টার কাস্ট অসাধারণ।”

তবে, সব প্রতিক্রিয়াই যে ইতিবাচক, তা নয়। কিছু দর্শক সিনেমা দেখে হতাশা প্রকাশ করেছেন। একজন নেটিজেন উমাইর সান্ধু লিখেছেন, “মানসিকভাবে বিপর্যস্ত একটি দুর্যোগপূর্ণ ছবি। আমির খান আজকের ভারতে সবচেয়ে খারাপ অভিনেতা। তিনি অভিনয় করতে ভুলে গিয়েছেন। তাকে অস্বস্তিতে ও অলস দেখাচ্ছে। ছবিটি সম্পূর্ণরূপে হলিউড সিনেমার অনুকরণ। সত্যি বলতে, আমার এই চৌর্যবৃত্তি ভালো লাগেনি।” আরেকজন লিখেছেন, “এই সিনেমা হতাশাজনক! বিরক্তিকর সংলাপ এবং হোয়াটসঅ্যাপের সস্তা জোকস দিয়ে ভরা। অভিনয়ও এতটাই নিষ্প্রাণ যে কিছুতেই ছবিটি ভালো লাগেনি। এটি সত্যিকারের একটি বিপর্যয়।”

যদিও ‘সিতারে জমিন পর’-এর চিত্রনাট্য নতুন নয়, এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর রিমেক; তবে ছবিতে যে আবেগ তুলে ধরা হয়েছে, তা এককথায় অসাধারণ বলে মনে করছেন অনেকেই। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিতে আরুশ দত্ত, গোপী কৃষ্ণন ভার্মা, বেদান্ত শর্মা, নমন মিশ্র, ঋষি শাহানি এবং ঋষভ জৈনের মতো তরুণ অভিনেতাদের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে। আমির খানের পাশাপাশি অভিনেত্রী জেনেলিয়া দেশমুখও যোগ্য সঙ্গত দিয়েছেন, যা ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে।

শেষ পর্যন্ত, ‘সিতারে জমিন পর’ কি আমির খানকে বক্স অফিসে প্রত্যাশিত ‘কামব্যাক’ এনে দিতে পারবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়া মিশ্র হলেও, ইতিবাচক দিকগুলিই বেশি জোরালো বলে মনে হচ্ছে।