আরও বড় বিপদ হাসিনার! ২৪ জুনের মধ্যে আত্মসমর্পণ না করলেই…..

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিপদ আরও ঘনীভূত হচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে শূলে চড়াতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। আগামী ২৪ জুন এই মামলার শুনানি হবে। ওই দিনের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তৎকালীন পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ইতিমধ্যেই গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে। এবার শেখ হাসিনাকে হাজির করার নির্দেশ দেওয়া হল। এই মামলায় অ্যামিকাস কিউরিও নিয়োগ করা হয়েছে।
গত সোমবার (১৬ জুন, ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। পুলিশ ওই মামলার শুনানিতে জানিয়েছে যে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন। হাসিনার বাড়ি এবং সম্ভাব্য একাধিক স্থানে তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি।
অন্যদিকে, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও পলাতক। তিনি অজ্ঞাত কোনো ঠিকানায় রয়েছেন, তাই তাঁকেও গ্রেফতার করা সম্ভব হয়নি।
আদালতের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৭ দিনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান যদি হাজিরা না দেন, তাহলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে।
এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এর ভবিষ্যৎ পরিণতি কী হয়, তা দেখার জন্য সবার নজর এখন আদালতের দিকে।