হাইকোর্টের তোপের মুখে রাজ্য! মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) তালিকা প্রস্তুতি নিয়ে কলকাতা হাইকোর্টের অব্যাহত তোপের মধ্যেই এবার এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অপপ্রচারের কারণে ওবিসি তালিকা নিয়ে জনমানসে ভুল বার্তা যাচ্ছে বলে উল্লেখ করে, এই ইস্যুতে মন্ত্রীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগে বিধানসভায় দেওয়া বক্তৃতায়ও মুখ্যমন্ত্রী ওবিসি তালিকা নিয়ে মন্তব্য করেন। এরপর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, “ওবিসি নিয়োগ নিয়ে বিরোধীদের জন্য ভুল বার্তা যাচ্ছে। নিজেদের মতো করে সবাই বিষয়টা বুঝে নিন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী সব বিধায়ককে রথের দিন নিজের এলাকায় থেকে রথযাত্রা উদযাপনের নির্দেশও দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। এর ফলে প্রায় ১২ লক্ষ শংসাপত্র বাতিল হয়। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি। যদিও মামলা-মোকদ্দমা এখনও চলছে, কিন্তু আজকের বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও একবার বুঝিয়ে দিলেন যে ওবিসি ইস্যুতে তিনি কড়া অবস্থান নিচ্ছেন।