“আগে নির্বাচনে জিতে আসুন….” উত্তাল বিধানসভায় BJP বিধায়কদের তীব্র আক্রমণ মমতার

বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। আজ ও আগামীকাল বেশ কয়েকটি সংশোধনী বিল পেশ হওয়ার কথা থাকলেও, সোমবার অধিবেশনের প্রথমার্ধেই প্রশ্নোত্তর পর্বে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করলে তীব্র বাদানুবাদ দেখা যায়।

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই রাজ্যের বকেয়া ও পাওনা টাকা তারা অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। একাধিক কমিশন এখানে এসেছিল, তারা যা যা জানতে চেয়েছে, সেই সব তথ্যই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও পাওনা নিয়ে টালবাহানা চলছে।”

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের মাঝেই গোলমাল শুরু হয়ে যায়। বিধানসভা সূত্রে জানা গেছে, মমতার ভাষণের মাঝেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষরা উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভরা বিধানসভায় গলা উঁচিয়ে প্রতিবাদে নামেন তাঁরা। পাল্টা চুপ থাকেননি মমতাও। বিজেপি বিধায়কদের দিকে ক্ষিপ্রতার সঙ্গে তোপ দাগেন তিনি।

‘প্রতিবাদী’ বিজেপি বিধায়কদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে কাউন্সিলর নির্বাচনে জিতে আসুন। আমাকে তো জোর করে হারানো হয়েছে। আমি জিতে দাঁড়িয়ে আছি।” এর পাশাপাশি, অসমের বিজেপি সরকারের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, “বাংলা ভাষায় কথা বললে কিছু রাজ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশি বলে সেই সমস্ত বাসিন্দাদের বিতাড়িত করা হচ্ছে।” অবশ্য, মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে খণ্ডন করতে সেই সময়েই “শেম-শেম” বলে চিৎকার করে ওঠেন বিজেপি বিধায়করা।

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও বারবার সরব হয়েছেন। বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ‘বিমাতৃসুলভ’ আচরণের অভিযোগ তুলেছেন তিনি। এদিনও কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গিয়ে মোদীর সরকারকে “চোরেদের সরকার” বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর আরও দাবি, “এমন অসঙ্গতি অন্য সকল রাজ্যেও দেখা গিয়েছে। কিন্তু টাকা আটকানো হয় না। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।”