বিশেষ: জীবনে হার না মানতে চাইলে ও দুর্জয় মনোভাব গড়তে পড়ুন ৩০টি শক্তিশালী উক্তি(১ম পর্ব)

হার না মানা উক্তি সমূহ আপনাকে হার না মানা দুর্জয় মনোভাব গঠনে সাহায্য করবে। এই মনোভাব মানে কোনওকিছুতেই থেমে না যাওয়ার মনোভাব। সামনে যত বাধাই আসুক একজন হার না মানা মনোভাবের মানুষ সব তুচ্ছ করে সাফল্যের দিকে এগিয়ে যায়। এই মনোভাব গড়ে তোলার জন্য প্রয়োজন দারুন আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা।
একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয়, তবে তার কাছে কিছুই অসম্ভব মনে হয় না। নামকরা সফল উদ্যোক্তা ও বেস্ট সেলিং লেখক টনি রবিন্স এর উক্তি: “একজন মানুষের সাফল্যের পেছনে তার মানসিকতার কৃতিত্ব ৮০ %।” তাহলে বুঝতেই পারছেন, জীবনে বড় কিছু করার জন্য হার না মানা আত্মবিশ্বাস কতটা প্রয়োজন।
আপনার মধ্যে যদি নিজেকে নিয়ে সন্দেহ থাকে, বা নিজের লক্ষ্যটিকে খুব বেশি বড় মনে হয়, তবে মনে রাখবেন, যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে। স্টিভ জবস একবার উক্তি করেছিলেন, “যারা পৃথিবীকে বদলানোর চিন্তা করার মত পাগল, তারাই আসলে পৃথিবীকে বদলাতে পারে।” তাঁর এই উক্তি বাড়াবাড়ি মনে করার কোনও কারণ নেই, কারণ তিনি নিজেও সেই পৃথিবী বদলানো পাগলদের একজন ছিলেন।
আপনি যদি বিশ্বাস না করেন, তবে চেষ্টাও করবেন না। যদি আপনার বিশ্বাস থাকে যে আপনি এভারেস্ট জয় করতে পারবেন, তবেই আপনি প্রথম পদক্ষেপটি নেবেন। আর্ল নাইটেঙেলের উক্তি: “আসলে পৃথিবীতে সবাই চায় বড় কিছু করতে বা বড় কিছু হতে, কিন্তু বড় কিছু করার মত বিশ্বাস সবার মাঝে থাকে না।” না থাকার কারণ তাদের অনুপ্রেরণার অভাব।
অনুপ্রেরণা বা মোটিভেশন এমন একটি জিনিস যা প্রতিদিন চর্চা করতে হয়। নিয়মিত শরীরচর্চা না করলে যেমন শরীরের ফিটনেস নষ্ট হয়, তেমনি নিয়মিত নিজেকে অনুপ্রেরণা বা মোটিভেশন না দিলেও নিজের মধ্যেকার সেই হার না মানা মানসিকতা ও আত্মবিশ্বাস কমে যায় (সাইমন সিনেক এর উক্তি )।
তাই নিজের মাঝে হার না মানা মানসিকতার জন্ম দিতে ও তা ধরে রাখতে প্রতিদিন অনুপ্রেরণার চর্চা করা উচিৎ। আর সেই চর্চায় কিছুটা সাহায্য করতেই আমরা আজ ৩০টি হার না মানা উক্তি নিয়ে হাজির হয়েছি। এই হার না মানা উক্তিগুলো দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন ক্ষেত্রের সফল ও স্মরনীয় মানুষেরা। চলুন তাহলে কিছুটা অনুপ্রেরণা নেয়া যাক।
৩০টি শক্তিশালী হার না মানা উক্তি:
০১. “করে ফেলার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার মহান নেতা
০২. “আমার সাফল্যের গোপন সূত্র হলো, আমি কখনও হার মানি না”
– উইলমা ম্যানকেলার, আমেরিকান রাজনীতিবিদ
০৩. “যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনও হাল ছেড়ো না।”
– উইনস্টন চার্চিল, সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী
০৪. “কখনো হাল ছাড়বেনা। নিজের শক্তির পুরোটা দেয়ার পরও আরও দেয়ার চেষ্টা করো।”
– ডেবি রেনোল্ডস, আমেরিকান অভিনেত্রী ও উদ্যোক্তা
০৫. “ব্যর্থতাকে ভয় করার বদলে, চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো।”
– রয় টি. বেনেট, লেখক ও বক্তা
০৬. “পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেইসব লোকদের দ্বারা হয়েছে, যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে।”
– ডেল কার্নেগী, লেখক ও মোটিভেটর
০৭. “অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার কারণে। অনেকেই হার মেনে নেয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।”
– টমাস আলভা এডিসন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও সফল উদ্যোক্তা
০৮. “কোনও অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ, তখনই স্রোত নতুন দিকে মোড় নেয়ার সম্ভাবনা বেশি থাকে।”
– হ্যারিট বীচার স্টোয়ি, আমেরিকান লেখিকা ও দাসপ্রথা বিরোধী আন্দোলনের নেত্রী
০৯. “যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনও হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই।”
– রয় টি. বেনেট, বেস্ট সেলিং লেখক ও মোটিভেটর
১০. “আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই।”
– আলবার্ট আইনস্টাইন, বিশ্বখ্যাত বিজ্ঞানী
১১. “তুমি নিজের হাতে তুলে না দিলে, তোমার স্বপ্ন ভেঙে দেয়ার ক্ষমতা কারও নেই।”
– মেভ গ্রেইসন, আমেরিকান লেখিকা
১২. “ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুন সুযোগ, এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে।”
– হেনরি ফোর্ড, আমেরিকান বিলিওনেয়ার বিজনেস ম্যাগনেট ও ফোর্ড মোটরস এর প্রতিষ্ঠাতা
১৩. “হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা; সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হা মানা র আগে আরেকবার চেষ্টা করা।”
– টমাস আলভা এটিসন, বিশ্বখ্যাত আবিষ্কারক ও উদ্যোক্তা
১৪. “কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না। বিশ্বাস করা বন্ধ করো না। কখনো হার মেনো না।”
– হোপ হিকস্, সাবেক হোয়াইট হাউস কমিউনিকেশনস ডিরেক্টর।
১৫. “তোমার কতক্ষণ চেষ্টা করা উচিৎ? – যতক্ষণ না কাজ হয়।”
– জিম রন, আমেরিকান সফল উদ্যোক্তা।