ISRLvsIRN: ইরানি হামলায় কেঁপে উঠল হাইফা শহর, জেনেনিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

মধ্যপ্রাচ্যের সংঘাত আরও এক ধাপ উপরে উঠল। গত শুক্রবার ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাল্টা জবাব দিতে শনিবার রাতে ইসরায়েলের বন্দর নগরী হাইফাকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অসমর্থিত সূত্র জানাচ্ছে, এই হামলার প্রধান লক্ষ্য ছিল হাইফার গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার। এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাইফার অনেক বাসিন্দা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন। তবে কেউ কেউ বাইরে থেকেই হামলার মুহূর্তের ভিডিও ধারণ করেছেন, যেখানে তাদের চোখে-মুখে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল।

ক্ষেপণাস্ত্র হামলার জেরে হাইফার একটি নির্দিষ্ট স্থানে বড় ধরনের আগুন ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হাইফার তেল পরিশোধনাগার বলেই ধারণা করা হচ্ছে। যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে পারে এবং আঞ্চলিক সংঘাতকে এক নতুন বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে।

ইরানের চৌকস বিপ্লবী গার্ড এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, দখলদার ইসরায়েল তাদের দেশের বিভিন্ন স্থানে নতুন করে যেসব হামলা চালিয়েছে, তার জবাবেই এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ভিন্ন এক চিত্র তুলে ধরেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ইরানের নতুন হামলা পূর্ব হাইফার তামরা এলাকার একটি দোতলা ভবনে সরাসরি আঘাত হেনেছে। এই হামলায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এই দুই দেশের মধ্যে চলা হামলা-পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হাইফার মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে। সংঘাত আর কতদূর গড়াবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।