SPORTS :ক্রিকেটে আসছে নতুন নিয়ম, অবৈধ হবে যেসব ক্যাচ? জেনেনিন বিস্তারিত

ক্রিকেটে ক্যাচ ধরার কৌশল আর মুনসিয়ানা নিয়ে প্রায়শই বিতর্ক তৈরি হয়, বিশেষ করে বাউন্ডারিতে ধরা ক্যাচগুলো ঘিরে। এই বিতর্ক নিরসনে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ম্যারিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়ম কার্যকর হলে, বাউন্ডারির বাইরে থেকে ‘বানি-হপ’ করে অর্থাৎ কিছুটা লাফিয়ে একাধিকবার বল শূন্যে তুলে আবারও সেটিকে তালুবন্দী করার কৌশল অবৈধ বলে বিবেচিত হবে।

ইএসপিএন ক্রিকইনফো-র এক প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই নতুন এই নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন হবে এবং আইসিসির প্লেয়িং কন্ডিশনে এটি যুক্ত করা হবে। পরবর্তীতে আগামী বছরের অক্টোবরে এটি এমসিসির বিধিমালায় অন্তর্ভুক্ত হবে, যা ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ অংশকে আরও পরিষ্কার করবে।

মূলত এই ধরনের ক্যাচ নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছিল ২০২৩ সালের বিগ ব্যাশে। সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ ধরতে গিয়ে ব্রিসবেন হিটের মাইকেল নেসের যা করেছিলেন, তা রীতিমতো আলোচনার ঝড় তুলেছিল। নেসের বাউন্ডারি সীমানার বাইরে (লাফিয়ে) দ্বিতীয়বার বল স্পর্শ করে সেটিকে সীমানার ভেতরে ফেরত পাঠান। শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করার সময় তিনি সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। এমসিসির নতুন নিয়ম অনুযায়ী, এমন ক্যাচ আর আইনসিদ্ধ হবে না। ওই ক্যাচ নিয়ে বিতর্কের পরই চলতি বছরের শুরুতে আইসিসির ক্রিকেট কমিটি এমসিসিকে ক্যাচের নিয়ম পুনর্বিবেচনার অনুরোধ করেছিল।

বিগ ব্যাশে এমন ঘটনা আগেও ঘটেছিল। নেসেরের নেওয়া ক্যাচ নিয়ে আলোচনা উঠলে তিনি নিজেই জানিয়েছিলেন, ২০২০ বিগ ব্যাশে ম্যাথু ওয়েডের ক্যাচ অনেকটা এভাবেই নিয়েছিলেন ম্যাট রেনশ। সেই ক্যাচ দেখেই প্রেরণা পান নেসের। সে সময় দুটি ক্যাচের বৈধতা নিয়েই বিতর্ক হয়েছিল এবং অনেকেই বাউন্ডারি সীমানার ক্যাচের নিয়ম পাল্টানোর দাবি জানিয়েছিলেন, যেটা সর্বশেষ আপডেট করা হয়েছিল ২০১০ সালে।


নতুন নিয়মে বলা হয়েছে, একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতর ঢুকে তাকে ক্যাচ নিতে হবে। উড়ন্ত অবস্থায় থাকলেও বাউন্ডারির বাইরে তিনি একাধিকবার বল স্পর্শ করতে পারবেন না। বিগ ব্যাশে নেসের যেভাবে শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার ওপরে ঠেলে দেওয়ার পর সীমানার বাইরেই পা রেখে দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচ নিয়েছিলেন, তা আর বৈধ হবে না। এক কিংবা দুজন ফিল্ডার থাকলেও বাউন্ডারির বাইরে লাফিয়ে সর্বোচ্চ একবার বলে স্পর্শ করার অনুমতি থাকবে।

এমসিসির ক্যাচের নিয়মে ১৯.৫.২-এর তিনটি ধারায় এ সংক্রান্ত নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। যেখানে একাধিক ফিল্ডার মিলে এমন ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। ‘রিলে’ বা একাধিক ফিল্ডার মিলে ক্যাচের ক্ষেত্রে বলা হয়েছে— অন্য সতীর্থ ক্যাচ নিলেও বাউন্ডারি সীমানার বাইরে বল স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতরে ফিরতে হবে। এছাড়াও, দ্বিতীয়বার বল স্পর্শ করার কারণে ক্যাচ আউটের বদলে বাউন্ডারি কিংবা রান যুক্ত হওয়ার বিষয়েও আলোচনা চলছে, যা এই নিয়মের প্রয়োগকে আরও সুনির্দিষ্ট করবে।

এই নতুন নিয়ম নিঃসন্দেহে ক্রিকেটে ফিল্ডিংয়ের কৌশল ও বিতর্কিত ক্যাচ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটাবে এবং খেলাকে আরও স্বচ্ছ করে তুলবে।