“ইলন আমাকে শিখিয়েছেন কিভাবে..?”-কোম্পানি ছাড়ছেন টেসলার অপটিমাস রোবট বিভাগের প্রধান

মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার অপটিমাস রোবটিক্স বিভাগের প্রধান এবং অন্যতম ভাইস প্রেসিডেন্ট মিলান কোভাক পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে টেসলা ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। এটি এমন এক সময়ে ঘটল, যখন টেসলা তাদের উচ্চাভিলাষী হিউম্যানয়েড রোবট অপটিমাসের উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মিলান কোভাক টেসলার সিইও ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন এবং ২০১৬ সাল থেকে শুরু হওয়া তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেছেন। কোভাক লিখেছেন, “গত এক দশকে একসঙ্গে কাজ করার সময়ে আমার ওপর আস্থা রাখা ও আমাকে কাজ শেখানোর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মাস্ককে ধন্যবাদ জানাই আমি।”

তিনি আরও বলেন, “ইলন, আপনি আমাকে শিখিয়েছেন কীভাবে প্রকৃত বিষয়কে অবান্তর বিষয় থেকে আলাদা করতে হয়, কীভাবে দৃঢ় মনোবল ধরে রাখতে হয়। আরও শিখিয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক গুরুত্বপূর্ণ মূলনীতি। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। টেসলা জয়ী হবে, এই নিশ্চয়তা আমি দিচ্ছি।”

অপটিমাস রোবটটি তৈরির প্রধান উদ্দেশ্য হলো, দুই পায়ে হাঁটতে পারে এমন এক বুদ্ধিমান রোবট তৈরি করা যা কারখানার কাজ থেকে শুরু করে শিশু দেখাশোনার মতো কাজও করতে পারবে। আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

টেসলা তাদের প্রথম প্রান্তিকের শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটি তাদের লক্ষ্য অনুসারে এগোচ্ছে এবং ২০২৫ সালে ফ্রেমন্টে তাদের পরীক্ষামূলক প্রোডাকশন লাইনে অপটিমাস রোবট তৈরি শুরু করবে। পাশাপাশি, ভবিষ্যতে টেসলার বিভিন্ন কারখানায় এসব রোবট কাজ করবে।

টেসলার ২০২৪ সালের বার্ষিক শেয়ারহোল্ডার সভায় ইলন মাস্ক নিজেকে “অত্যন্ত আশাবাদী স্বভাবের” বলে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, ভবিষ্যতে কোনো এক সময় টেসলার বাজারমূল্য ২৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সাহায্য করবে এই হিউম্যানয়েড রোবটগুলো।

মাস্ক গত কয়েক সপ্তাহে বলেছেন, টেসলা এখন তাদের বিভিন্ন অপটিমাস সিস্টেমকে “সরল কাজ” শেখাচ্ছে, যেমন কোনো জিনিস তোলা, দরজা খোলা বা বল ছোঁড়ার মতো কাজ। এই খাতে টেসলার প্রতিযোগীদের মধ্যে রয়েছে বস্টন ডায়নামিকস, অ্যাজিলিটি রোবোটিক্স, অ্যাপট্রনিক, ওয়ানএক্স ও ফিগারের মতো কোম্পানি।

মিলান কোভাক এর আগে টেসলার অটোপাইলট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে তিনি অপটিমাস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিগতভাবে মাস্ক কোভাককে কোম্পানিটিতে তার “অসাধারণ অবদানের” জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তবে, এই বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধের কোনো সাড়া দেয়নি টেসলা। কোভাকের পদত্যাগ অপটিমাস প্রকল্পের গতিতে কোনো প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে, বিশেষত যখন মাস্ক এই রোবটগুলোর ভবিষ্যৎ নিয়ে এত আশাবাদী।