বাতাস বেশি পেতে এয়ার কুলার পরিষ্কার করবেন যেভাবে, শিখেনিন পরিষ্কার পদ্ধতি

গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন এসি অনেকের কাছেই একমাত্র ভরসা। কিন্তু যারা এসি ব্যবহার করতে চান না অথবা যাদের কাছে এটি ব্যয়বহুল, তাদের জন্য এয়ার কুলার একটি দারুণ বিকল্প। এটি তুলনামূলক কম খরচে ঘরের তাপমাত্রা সহনীয় রাখতে পারে, বিশেষ করে যেখানে এসির মতো যন্ত্র ব্যবহার করা সম্ভব নয়।

তবে অনেকেই অভিযোগ করেন, কিছুদিন ব্যবহারের পরই এয়ার কুলারের বাতাস আর আগের মতো ঠান্ডা হচ্ছে না। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। নিয়মিত পরিষ্কার না রাখলে কুলারের ফিল্টার ও ভেতরের অংশে ময়লা জমে যায়, যা বাতাসের প্রবাহ এবং ঠান্ডাকে ব্যাহত করে।

নিয়মিত ও সঠিক উপায়ে পরিষ্কার করলে এয়ার কুলার থেকে কেবল ঠান্ডা বাতাসই নয়, স্বাস্থ্যকর বাতাসও পাওয়া সম্ভব। এটি শুধু আপনার স্বস্তিই বাড়ায় না, আপনার পরিবারের স্বাস্থ্যও ভালো রাখে।

এয়ার কুলার পরিষ্কারের প্রয়োজনীয় উপকরণ:

আপনার এয়ার কুলার পরিষ্কার করতে যে জিনিসগুলো হাতের কাছে রাখা প্রয়োজন, তা হলো:

  • নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ
  • হালকা ডিটারজেন্ট বা সাদা ভিনেগার
  • ছোট ব্রাশ বা একটি অব্যবহৃত টুথব্রাশ
  • স্ক্রু ড্রাইভার (যদি প্রয়োজন হয়)
  • পরিষ্কার জল
  • হেয়ার ড্রায়ার বা শুকনো কাপড়

ধাপে ধাপে এয়ার কুলার পরিষ্কারের পদ্ধতি:

এয়ার কুলার পরিষ্কার করা একটি সহজ প্রক্রিয়া, যা নিয়মিত অনুসরণ করলে যন্ত্রটি দীর্ঘদিন সচল থাকবে এবং সর্বোচ্চ দক্ষতা দেবে।

১. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন: পরিষ্কার কাজ শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কুলারের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা। এটি আপনার নিরাপত্তার জন্য অপরিহার্য।

২. পুরনো জল অপসারণ: রিজার্ভারে জমে থাকা পুরনো জল ফেলে দিন। এই পুরনো জল ব্যাকটেরিয়া, ছত্রাক এবং দুর্গন্ধের উৎস হতে পারে।

৩. বাহিরের অংশ পরিষ্কার: একটি ভেজা নরম কাপড় দিয়ে কুলারের বাইরের অংশ ভালোভাবে মুছে নিন। যদি বেশি ময়লা থাকে, তাহলে সামান্য হালকা ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন।

৪. কুলিং প্যাড পরিষ্কার: কুলার খুলে কুলিং প্যাডগুলো সাবধানে বের করে নিন। এগুলোকে জলে ভিজিয়ে রাখা একটি ছোট ব্রাশ দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করুন। যদি প্যাডগুলোতে বেশি ময়লা বা শ্যাওলা জমে থাকে, তাহলে সামান্য ভিনেগার মিশিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। প্যাডগুলো পুরোপুরি শুকিয়ে গেলে তবেই আবার কুলারে লাগান।

৫. ফ্যান ব্লেড ও মোটর পরিষ্কার: ফ্যান ব্লেডে ধুলা জমে গেলে বাতাসের গতি কমে যায়। একটি শুকনো ব্রাশ বা কাপড় দিয়ে ব্লেডগুলো পরিষ্কার করুন। প্রয়োজনে ব্লেড খুলে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। খেয়াল রাখবেন, মোটরে যেন কোনোভাবেই জল বা ভিনেগার না লাগে।

৬. জলের ট্যাংক পরিষ্কার: কুলারের জলের ট্যাংকে প্রায়শই শ্যাওলা বা ময়লা জমে থাকে। এটি ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। ১ লিটার পানিতে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ট্যাংকটি ভিজিয়ে রাখলে জীবাণু দূর হবে। এরপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

৭. যন্ত্রাংশ শুকানো ও পুনরায় স্থাপন: সব যন্ত্রাংশ ভালোভাবে শুকিয়ে গেলে আবার সেগুলোকে সঠিকভাবে বসিয়ে দিন। কুলার চালু করার আগে নিশ্চিত হোন যে সবকিছু ঠিকঠাক লাগানো হয়েছে এবং কোনো অংশ আলগা নেই।

অতিরিক্ত টিপস এবং রক্ষণাবেক্ষণ:

  • নিয়মিত মোছা: সপ্তাহে অন্তত একবার কুলারের বাইরের অংশ মুছে দিন।
  • মাসিক পরিষ্কার: প্রতি মাসে অন্তত একবার ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করুন।
  • জল ফিল্টার: যদি আপনার কুলারে জল ফিল্টার থাকে, তাহলে সেটিও নিয়মিত পরিষ্কার বা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন।
  • বায়ু চলাচল: কুলার চালু থাকাকালীন ঘরের জানালা সামান্য খুলে রাখলে ঠান্ডা বাতাস আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে এবং ঘরের বাতাস সতেজ থাকে।
  • বিশুদ্ধ জল: কুলারে বিশুদ্ধ জল ব্যবহার করলে শ্যাওলা জন্মানো এবং দুর্গন্ধ সৃষ্টির প্রবণতা কমে যায়।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার এয়ার কুলারকে কার্যকর ও স্বাস্থ্যকর রাখতে পারবেন, যা গরমে আপনাকে নিরবচ্ছিন্ন স্বস্তি দেবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া