আবারও কি বাড়ানো হচ্ছে গরমের ছুটি? কি বলছে পশ্চিমবঙ্গ সরকার?

গ্রীষ্মের অসহনীয় তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অভিভাবক ও শিক্ষক মহলে আবারও জল্পনা শুরু হয়েছে: ফের কি বাড়ানো হচ্ছে গরমের ছুটি?
রাজ্যের দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলি হল – পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশ। এই জেলাগুলিতে দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ মানুষ তাপের দাপট এড়িয়ে ঘরে থাকতেই বেশি পছন্দ করছেন।
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। রাজ্যে আগামী কয়েক দিন ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বজায় থাকলে ছুটি বাড়ানোর বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। তবে এখনও পর্যন্ত সরকার পক্ষ থেকে নতুন করে ছুটি বাড়ানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
কিন্তু এরই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে – পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে টানা ছুটি না দিয়ে, বরং মর্নিং ক্লাস (সকালের ক্লাস) শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি একটি বিকল্প ব্যবস্থা হতে পারে, যা শিক্ষার্থীদের পড়াশোোনায় ব্যাঘাত না ঘটিয়ে তাপপ্রবাহ থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করবে।
ইতিমধ্যেই রাজ্যের অনেক জেলায় তাপপ্রবাহের কারণে ছুটি ঘোষণা করা হয়েছিল। এখন প্রশ্ন, সেই ছুটি কি আরও দীর্ঘায়িত হবে? নাকি বিকল্প কোনো ব্যবস্থার দিকে ঝুঁকবে সরকার? শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। এই তীব্র গরমের মধ্যে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে জনমনে।