“ব্যাঙ্কে আমানত গচ্ছিত রাখার হার কমেছে”-প্রকাশ্যে এলো রিজার্ভ ব্যাংকের রিপোর্ট

গত অর্থবছরে দেশের ব্যাংকগুলোতে আমানত গচ্ছিত রাখার হার কিছুটা কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে গচ্ছিত আমানতের পরিমাণ বার্ষিক ১০.৬ শতাংশ হারে বেড়েছে, যা তার আগের অর্থবছরের ১৩ শতাংশ বৃদ্ধির হারের তুলনায় অনেকটাই কম। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) প্রকাশিত তথ্য থেকে এমনটাই সামনে এসেছে।
আমানত জমার বৃদ্ধির গতি কিছুটা মন্থর হলেও, সার্বিক আমানত ভালোই হয়েছে বলে তথ্যে প্রকাশ। মোট আমানতের একটি বড় অংশ মেয়াদি আমানতের মাধ্যমে এসেছে। গত অর্থবছরের শেষ পর্যন্ত মোট আমানতের ৫৯.৫ শতাংশ মেয়াদি আমানত হিসেবে জমা পড়েছে। তার আগের অর্থবছরের ৬০ শতাংশের তুলনায় যা সামান্য কম।
সেভিংস ডিপোজিটের পরিমাণ ২০২৪ সালের মার্চের ৩০.৮ শতাংশ থেকে কমে গত বছরের মার্চে ২৯.১ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৩ সালের মার্চে তা ৩৩ শতাংশ ছিল। যদিও কারেন্ট ডিপোজিট বৃদ্ধির হার ৯.৮ শতাংশে স্থিতিশীল রয়েছে বলে রিপোর্টে জানিয়েছে শীর্ষ ব্যাংক।
গত কয়েক বছর ধরে মেয়াদি আমানতের প্রতি মানুষের আস্থা আরও বাড়ছে বলে শীর্ষ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে স্পষ্ট। ব্যাংকগুলো বেশি হারে সুদ দেওয়ায় মেয়াদি আমানত করার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ছে বলেও রিপোর্ট থেকে দেখা গেছে।
আরবিআই জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ৬৮.৪ শতাংশ আমানতের মেয়াদ এক থেকে তিন বছর ছিল। অন্যদিকে, ৭ শতাংশ বা তার বেশি হারে সুদ দিচ্ছে এমন মেয়াদি আমানতের সংখ্যা চলতি বছরের মার্চ পর্যন্ত বেড়ে ৭২.৭ শতাংশ হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালের মার্চ পর্যন্ত তা যথাক্রমে ৩৩.৫ শতাংশ এবং ৬৪.২ শতাংশ ছিল।
বড় অঙ্কের আমানতের সংখ্যাও অনেকটা বেড়েছে। মোট মেয়াদি আমানতের মধ্যে ৪৫.১ শতাংশ এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের আমানত। গত বছরের মার্চে তা ৪৩.৭ শতাংশ ছিল।
ব্যাংক আমানতের ক্ষেত্রে দেশের পরিবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে শীর্ষ ব্যাংক জানিয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকের মোট আমানতের ৬০.২ শতাংশই দেশের পরিবারগুলো থেকে এসেছে। এর মধ্যে মহিলা আমানতকারী ২০.৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের অংশ ২০.২ শতাংশ।
রিপোর্টে অঞ্চলভিত্তিক আমানত বৃদ্ধির হারের কথাও জানিয়েছে আরবিআই। মেট্রো এলাকায় ব্যাংকের শাখায় সব থেকে বেশি—১১.৭ শতাংশ আমানত জমা পড়েছে। দেশের গ্রামাঞ্চলে যা ১০.১ শতাংশ, সেমি-আরবান এলাকায় ৮.৯ শতাংশ এবং গ্রামীণ শাখাগুলিতে ৯.৩ শতাংশ আমানত বৃদ্ধি হয়েছে।
সার্বিক আমানত ভালো হলেও তার মধ্যে নজর কেড়েছে মেয়াদি আমানত। মোটা অঙ্কের রিটার্নের কারণে এর জনপ্রিয়তা এতটা বেশি বলে রিপোর্টে জানিয়েছে শীর্ষ ব্যাংকটি। এই প্রবণতা দেশের আর্থিক কাঠামোতে জনগণের বিনিয়োগের ধরন পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।