ছাত্রী শ্লিলতাহানির অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার, পাঠানো হল আদালতে

টিউশন পড়াতে গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের আম্বাদিঘী এলাকা থেকে এক গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

গতকাল সকালে আম্বাদিঘী এলাকার বাসিন্দা ওই চতুর্থ শ্রেণির ছাত্রীর বাড়িতে টিউশন পড়াতে গিয়ে গৃহ শিক্ষক তার সঙ্গে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে। এরপরই ছাত্রীর পরিবারের সদস্যরা ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ডেবরা থানার পুলিশ গতকাল রাতেই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করে।

বুধবার বেলা ১১টায় ধৃত গৃহ শিক্ষককে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। যদিও এই গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই ঘটনা আবারও শিশুদের সুরক্ষার বিষয়টি সামনে আনল এবং গৃহ শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরল।