“কারও নিয়ন্ত্রণ থাকে না, মনে হয়…”-ভালোবাসা নিয়ে মনের কথা জানালেন দেব

টলিউড ইন্ডাস্ট্রিতে ১৮ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। একসময় যিনি কেবল অভিনেতা ছিলেন, আজ তিনি প্রযোজকের আসনেও আসীন। সুপারস্টার দেব (Dev)-এর এই জার্নিটা সহজ ছিল না। বারবার প্রত্যাখ্যান, কটূক্তি, এমনকি তাঁর কথা বলার ভঙ্গি, উচ্চারণ, বা অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবু তিনি হার মানেননি, বরং ট্রোলারদের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আজ সেই নিন্দুকদের অনেকেই বলেন, ‘শিরায় শিরায় রক্ত, দেবদা’র ভক্ত’।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল সীমাহীন। দেবের প্রেম-ভালোবাসা নিয়ে তাঁর ভাবনাচিন্তা কেমন, তা নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়েছে দেবের একটি পুরনো ভিডিও। বেশ কিছু বছর আগে ‘ডান্স বাংলা ডান্স’-এর এক পর্বে অতিথি বিচারক হয়ে হাজির হয়েছিলেন দেব। সেখানেই প্রকাশ্যে নিজের মনের কথা ভাগ করে নিয়েছিলেন এই অভিনেতা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেবকে বলতে শোনা যায়, “ভালোবাসা এমন একটা জিনিস যেখানে কারও নিয়ন্ত্রণ থাকে না। একটা ব্যথার মতো যে সারাক্ষণ তোমায় জাগিয়ে রাখবে, যতক্ষণ না তুমি পাচ্ছো। আর পেয়ে গেলে আলাদা ব্যাপার। সারাক্ষণ মনে হয় যে, না এটাকে সামলে রাখি। সেটা মানুষ হোক, বাবা হোক, মা হোক, আমাদের সব সময় হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় হারিয়ে যাওয়ার ভয়টাকে যে জয় করতে পারে, সেটাই হচ্ছে সঠিক ভালোবাসা। কারণ আমার কিছু ও কী করছে, সেটা থেকে বেড়াতে হবে প্রতিটা মানুষকে। ভালোবাসা ভেঙে যায়, তার বেশীরভাগ কারণ হচ্ছে বিশ্বাস না থাকা। ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকাটা খুবই দরকার। বিশ্বাস থাকলেই সমস্যা অনেক কম হবে।”

প্রসঙ্গত, টলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন দেব এবং শুভশ্রী। যদিও তাঁরা নিজেদের সম্পর্কের বিষয়ে কখনও প্রকাশ্যে সিলমোহর দেননি, এমনকি সম্পর্কে থাকাকালীন ‘ভাল বন্ধু’ বলেই নিজেদের পরিচয় দিতেন। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করা হলে একই উত্তর দিতেন দু’জনেই। তবে তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে এক ‘ওপেন সিক্রেট’ ছিল। তাঁদের বিচ্ছেদের পরেই সবটা যেন আরও পরিষ্কার হয়ে যায়।

বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার দেব বলেছেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন। শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি আশা করেননি। বর্তমানে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই সম্পর্কও এখন টলিউডের অন্যতম চর্চিত বিষয়।

দেব-এর এই ভাইরাল ভিডিও তাঁর ব্যক্তিগত জীবনের দর্শনকে নতুন করে সামনে এনেছে, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।