ছেলের পর মেয়েকে কোম্পানির দায়িত্ব দিলেন মুকেশ আম্বানি

গত জুন মাসে বড় রদবদল হয় রিলায়েন্স জিওতে। চেয়ারম্যান পদ ছাড়েন মুকেশ আম্বানি। ওই পদে বসেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি। এবার থেকে রিলায়েন্স রিটেলের নেতৃত্ব মেয়ে ইশা আম্বানির হাতে তুলে দিলেন। আর সোমবার সেই ঘোষণা দিয়েছেন মুকেশ আম্বানি।

গত এক বছরে স্পষ্ট হয়ে যায়, রিলায়েন্স গ্রুপের ব্যাটন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দেশের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি। সেই সূত্রেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৫ তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পরে ইশা আম্বানিকে আনুষ্ঠানিক ভাবে রিলায়েন্স রিটেলের চেয়ারম্যান ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

দায়িত্ব নিয়েই ইশা ঘোষণা করলেন, এবার থেকে রিলায়েন্স গ্রোসারি গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিত্য প্রয়োজনীয় জিনিসের অর্ডার ও পেমেন্ট করতে পারবেন। এইসঙ্গে ইশা ঘোষণা করেন, রিলায়েন্স রিটেল আগামীতে একটি এফএমসিজি (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) ব্যবসা শুরু করবে। ইশা জানান, তার সংস্থার লক্ষ্য ভারতীয়দের প্রয়োজনের কথা মাথায় রেখে উৎকৃষ্ট পণ্য উৎপাদন এবং তা গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া।সবটাই হবে ন্যূনতম মূল্যে।

উল্লেখ্য, চলতি বছরে নতুন ২৫০০টি স্টোর খুলেছে রিলায়েন্স রিটেইল। ফলে তাদের স্টোরের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার।

গত বছর মুকেশ আম্বানি বলেছিলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে পরিবর্তন আসছে। পরের প্রজন্ম আরও দায়িত্ব নিচ্ছে। তিনি বলেন, “সন্তানদের মধ্যে আমি সেই প্রতিভা ও সম্ভাবনা দেখতে পাচ্ছি, যা রিলায়েন্সের প্রতিষ্ঠাতা আমার বাবা ধীরুভাই আম্বানির মধ্যে ছিল।” তিনি আশা করেন, ধীরুভাইয়ের মতোই ভারতের আর্থিক বিকাশে অবদান রাখবে আম্বানি পরিবারের আগামী প্রজন্ম। উল্লেখ্য আকাশেরই যমজ বোন ইশা। এছাড়াও রয়েছেন মুকেশের ছোট ছেলে অনন্ত আম্বানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *