১ কোটি টাকার নোটে সেজেছে বর, বিয়েবাড়িতে টাকার ‘ঝুলন’, ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

ধুমধাম করে বিয়ের আয়োজন। জাঁকজমকে নেই কোনও ভাটা। বিয়েবাড়িতে সাজসজ্জা থেকে খাবারের আয়োজন, সবেতেই দামি জিনিসের ছড়াছড়ি। তবে আসল চমক ছিল অন্য জায়গায়। নিমন্ত্রিতরা চমকে গেলেন, পাত্রের গলার মালা দেখে। সুগন্ধি ফুলের মালা নয়, ৫০০ টাকার নোটে গাঁথা প্রায় এক কোটি টাকার একটি মালা পরা পাত্রকে দেখে হতবাক সকলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও, যা মুহূর্তে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক পাত্রকে এই বিশাল টাকার মালা পরে বিয়ের আসরে পৌঁছতে দেখা গেছে। মালাটি এতই দীর্ঘ ছিল যে, ছাদ থেকে রাস্তা পর্যন্ত লম্বায় তা পৌঁছেছিল। নীচে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে সাবধানে মালাটি পাত্রকে পরিয়ে দেন। মালাটিতে থরে থরে সাজানো ছিল ৫০০ টাকার নোট। অনেকেই ভিডিও দেখে দাবি করেছেন, শুধু এই মালাতেই এক কোটি টাকা রয়েছে।
ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছে, তা এখনো জানা যায়নি। এছাড়াও, এই মালাটি কনেপক্ষের তরফে পাত্রকে উপহার দেওয়া হয়েছে কিনা, সে বিষয়েও কোনও তথ্য নিশ্চিত নয়।
এই অত্যাশ্চর্য ভিডিওটি দেখে নেটিজেনরা যেমন চমকে গেছেন, তেমনই মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করলেও, অনেকে আবার ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ কেউ আবার বিরক্তও প্রকাশ করেছেন। একজন নেটিজেন সতর্ক করে লিখেছেন, “সাবধান! টাকার লোভে যে কেউ পাত্রকে অপহরণ করতে পারেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “ধনী হলেও, টাকার অপচয় মোটেই ভালো না। এই টাকা দিয়ে গরিব, দুঃস্থদের পাশে দাঁড়ানো উচিত ছিল।”
এই ধরনের অস্বাভাবিক প্রদর্শন সমাজের বিভিন্ন স্তরে টাকার ব্যবহার এবং অপচয় নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। যেখানে একদল মানুষ টাকার এই প্রকাশ্য প্রদর্শনে মুগ্ধ, সেখানে অন্যদল এর পেছনে থাকা সামাজিক দায়িত্ববোধের অভাব নিয়ে প্রশ্ন তুলছেন। এই ঘটনা প্রমাণ করে যে, অর্থবিত্তের প্রকাশ্য প্রদর্শন একদিকে যেমন চমকপ্রদ হতে পারে, তেমনই অন্যদিকে তা সামাজিক আলোচনার জন্ম দিতে পারে।