৭৬ টি নতুন জাতিকে OBC শ্রেণিভূক্ত করার সিদ্ধান্ত মমতার, হাইকোর্টের রায় মেনে নতুন স্ট্র্যাটেজি?

কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সংরক্ষণে নতুন বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে OBC তালিকার সম্প্রসারণে সায় মিলেছে। নবান্ন সূত্রে খবর, নতুন করে আরও ৭৬টি জাতিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে, যার ফলে এখন রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০। এই মর্মে অনগ্রসর কল্যাণ দফতর কর্তৃক পেশ করা সংশোধিত তালিকার খসড়ায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন।
জানা যাচ্ছে, আগামী ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনেই এই সংশোধনী পেশ করা হবে। বিধানসভায় এটি পাশ হলেই আইনে পরিণত হবে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের দীর্ঘদিনের অচলাবস্থা দূর হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সোমবার বলেন, “১৪০টি জাতিকে OBC সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ আগামী প্রজন্মের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের পর রাজ্যের দেওয়া সমস্ত OBC শংসাপত্র বাতিল হয়ে যায়। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রাজ্য সরকার ৭৭টি সম্প্রদায়কে OBC তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, যার মধ্যে ৭৫টিই ছিল মুসলিম ধর্মাবলম্বী। এই অন্তর্ভুক্তির প্রধান ভিত্তি ধর্মীয় মানদণ্ড ছিল বলে অভিযোগ ওঠে, যা সংবিধানসম্মত নয় মর্মে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরের সমস্ত শংসাপত্রকে বেআইনি ঘোষণা করে। এর জেরে প্রায় ১২ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল হয়। এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। আগামী ১৯ জুন কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের আগে রাজ্যে OBC সংরক্ষণ ছিল ৭ শতাংশ। পরবর্তীতে তা বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। কিন্তু গত বছর কলকাতা হাইকোর্টের রায়ে সেই তালিকা খারিজ হয়ে যাওয়ায় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তি থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হয়।
তবে সোমবার মন্ত্রিসভা যে সংশোধিত তালিকায় সায় দিয়েছে, তাতে OBC সংরক্ষণ আবার ৭ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশ হতে চলেছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার একদিকে যেমন আদালতের রায়কে সম্মান জানাল, তেমনই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য সংরক্ষণের সুবিধা নিশ্চিত করার চেষ্টা করল। এই নতুন আইন রাজ্যে শিক্ষাব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।