ছোট গাড়ির দুঃসময়! সরকারের দরবারে সাহায্যের আর্জি নিয়ে Alto নির্মাতা

একদা ভারতীয় যাত্রীবাহী গাড়ির বাজারের মধ্যমণি ছিল ছোট আকারের হ্যাচব্যাকগুলি। কিন্তু সময়ের স্রোতে, গ্রাহকদের মন মজেছে SUV আর ক্রসওভারের চাকচিক্যে। ফলস্বরূপ, প্রবল চাপের মুখে পড়েছে এই ছোট গাড়ির জগৎ। এই কঠিন পরিস্থিতিতে, দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি (Maruti Suzuki) ছোট গাড়ির বাজার বাঁচাতে সরকারের দরবারে সাহায্যের আর্জি জানিয়েছে।
Alto K10, S-Presso, Celerio, WagonR, Ignis-এর মতো জনপ্রিয় ছোট গাড়ি একসময় মারুতির বিক্রির স্তম্ভ ছিল। তবে গত কয়েক বছরে ছবিটা বদলেছে। ২০১৫-১৬ আর্থিক বছরে ৫ লক্ষ টাকার কম দামের এন্ট্রি-লেভেল গাড়ি যেখানে ৯.৩৪ লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল, সেখানে ২০২৪-২৫ সালে সেই সংখ্যা মুখ থুবড়ে পড়েছে—মাত্র ২৫,৪০২ ইউনিট!
বিক্রির এই নিম্নমুখী গ্রাফে রীতিমতো উদ্বিগ্ন মারুতি সুজুকি। ২০২৫ সালের মে মাসে Alto K10 ও S-Presso-র সম্মিলিত বিক্রি ৬,৭৭৬ ইউনিটে ঠেকেছে, যা গত বছর একই মাসে ছিল ৯,৯০২ ইউনিট। শুধু তাই নয়, Baleno, Celerio, Dzire, Ignis, Swift এবং WagonR-এর মতো কমপ্যাক্ট গাড়িগুলির সম্মিলিত বিক্রিও গত মাসে কমে দাঁড়িয়েছে ৬১,৫০২ ইউনিটে, যেখানে ২০২৪ সালের মে মাসে এই সংখ্যা ছিল ৬৮,২০৬। স্পষ্টতই, ছোট গাড়ির প্রতি মানুষের আগ্রহ কমছে।
একসময়ে যাত্রীবাহী গাড়ির বাজারে ছোট গাড়ির অংশীদারিত্ব প্রায় অর্ধেক ছিল। ২০১৮ আর্থিক বছরে এই হার ছিল ৪৭.৪%, যা ক্রমশ কমে ২০২৪ সালে মাত্র ২৭.৭%-এ এসে দাঁড়িয়েছে। এই ধসের ধাক্কা স্বাভাবিকভাবেই মারুতি সুজুকির মতো সংস্থাকে চিন্তায় ফেলেছে।
মারুতি সুজুকির মার্কেটিং ও সেলসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানান, কঠোর নিয়মকানুন implementation-এর ফলে ছোট গাড়ির উৎপাদন খরচ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামের উপর। এর ফলে, আগে যারা দুই চাকার বাহন থেকে চার চাকার গাড়িতে আপগ্রেড করতে চাইছিলেন, তাঁদের সেই সাধ্য আর নেই।
তিনি আরও বলেন, “যদি সরকার চায় দেশের গাড়ি শিল্প আরও বাড়ুক, তাহলে তাদের দেখতে হবে সমস্যাটা কোথায় এবং কীভাবে এই ছোট গাড়ির বাজারকে বাড়ানো যায়। কিছু ইনসেনটিভ প্রয়োজন, যাতে সাধারণ ক্রেতারা আরও সহজে চার চাকার গাড়ির দিকে ঝুঁকতে পারেন।”
একসময়ের অপ্রতিরোধ্য ছোট গাড়ির বাজার আজ কঠিন পরীক্ষার মুখে। SUV-এর ক্রমবর্ধমান চাহিদা, কঠোর বিধি-নিষেধ এবং লাগাতার মূল্যবৃদ্ধি এই পরিস্থিতির জন্ম দিয়েছে। এই অবস্থায় মারুতি সুজুকির মতো বৃহৎ সংস্থা সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছে—বিশেষ প্রণোদনার মাধ্যমে যেন ছোট গাড়ির বাজারকে ফের চাঙ্গা করা যায় এবং সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী বিকল্প তৈরি হয়। এখন দেখার, সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।