উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বন্যা-বিপর্যস্ত অবস্থা! মুখ্যমন্ত্রীদের ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভয়াবহ ভারী বৃষ্টিপাত ও বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এই আলোচনায় তিনি রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। আমি তাঁকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। পাশাপাশি, রাজ্য সরকার কীভাবে বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলা চালাচ্ছে সেই নিয়েও প্রধানমন্ত্রীকে সবটা জানিয়েছি।” হিমন্ত আরও যোগ করেন, “কেন্দ্র যে আমাদের পূর্ণ সহায়তা করতে তৈরি, সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অসমের মানুষও তাঁর প্রতি কৃতজ্ঞ।”

অন্যদিকে, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাজ্যের বন্যা ও বিপর্যয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য প্রশাসন বিপর্যয় মোকাবিলা ও দুর্গতদের সাহায্য প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও বর্ষার প্রথম ধাপেই সিকিম ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। গত চার দিন ধরে উত্তর সিকিম সহ সে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টি চলছে। এর ফলে তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। গোটা উত্তর-পূর্বের আকাশেও শঙ্কার মেঘ জড়ো হয়েছে। ভারী বৃষ্টি, বন্যা, হড়পা বানে বিপর্যস্ত হয়েছে এই অঞ্চলের জনজীবন। হাজার হাজার পর্যটক আটকে পড়েছেন এবং কত শত মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।