গরুর গাড়ি, হলুদ ট্যাক্সি, থাকছে মনোরম পরিবেশ! ঘুরে আসুন কয়েক ঘণ্টাতেই, রইল নতুন পর্যটন ঠিকানা

বসিরহাট আর টাকির শান্ত পথ পেরোলেই যেন এক অন্য জগৎ। উত্তর ২৪ পরগনার এই প্রান্তে, ঘোষ বাড়ি নামের একটি ঠিকানা ক্রমশই পর্যটকদের মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে। প্রকৃতি আর ক্যামেরার লেন্সে বন্দি করার মতো দৃশ্যের সন্ধানে থাকা ভ্রমণপিপাসুদের জন্য, এই ঘোষ বাড়িতেই এবার যুক্ত হল নতুন আকর্ষণ – ঝাঁ চকচকে শুটিং স্পট আর নজরকাড়া সেলফি জোন।
গত কয়েক বছরে একটু একটু করে রূপ পেয়েছে এই পর্যটন কেন্দ্রটি। ঘোষ বাড়িকে কেন্দ্র করে গ্রামীণ জীবনের হারানো দিনের ছবি, কারুকার্যময় স্থাপনা আর স্থানীয় শিল্প-সংস্কৃতির ছোঁয়ায় সেজে উঠেছে এক মায়াবী জগৎ। আর এবার সেই রূপকথার পাতায় নতুন সংযোজন – সেলফি জোন। পুরনো দিনের হলুদ ট্যাক্সি, গরুর গাড়ি, কল্পনার জগৎ থেকে উঠে আসা জিরাফ, ডাইনোসরের মতো আকর্ষণীয় উপাদান সেখানে ঠাঁই পেয়েছে। এই নতুন উদ্যোগে পর্যটকদের উৎসাহ দেখে আপ্লুত উদ্যোক্তা লাল্টু ঘোষ। তার স্বপ্ন, “শুধু একটি সেলফি পয়েন্ট নয়, আগামী দিনে ঘোষ বাড়িকে একটি পূর্ণাঙ্গ থিম পার্ক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।”
তার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ছোটদের জন্য আরও আকর্ষণীয় রাইড, অ্যাডভেঞ্চার জোন আর ইনডোর গেমসের সম্ভার। বাঙালি ঐতিহ্যের স্বাদ ছড়িয়ে দিতে থাকবে স্থানীয় রান্নার বিশেষ খাদ্যকেন্দ্র। আর যারা প্রকৃতির নীরবতাকে সঙ্গী করে রাত কাটাতে চান, তাদের জন্য থাকবে হোমস্টে বা রিসর্টের আরামদায়ক ব্যবস্থা।
বসিরহাট-টাকি এলাকার আনাচে কানাচে এখন ঘোষ বাড়ির নাম ঘোরাফেরা করে। ঐতিহ্য আর আধুনিকতার এক অদ্ভুত মিশেল এখানে, যা তৈরি করছে এক বহুস্তরীয় পর্যটন কেন্দ্র। আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে, আরও বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে চলেছে ঘোষ বাড়ির এই স্বপ্নযাত্রা। তাই বসিরহাট-টাকি রুটে ভ্রমণের পরিকল্পনা করলে, ঘোষ বাড়ির রঙিন আঙিনায় একবার ঢুঁ মারা যেন এখন মাস্ট!