Recipe: দুপুরের মেনুতে বানিয়ে নিন চিংড়ির জল বড়া, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

গ্রীষ্মের এই তীব্র দাবদাহে যখন হালকা খাবারের দিকেই মন টানে, তখন স্বাদে বৈচিত্র্য আনতে অনবদ্য এক পদ হলো বাংলাদেশের বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ির জল বড়া বা ঝোল বড়া। ছোট চিংড়ি মাছ দিয়ে তৈরি এই পদটি যেমন হালকা, তেমনই এর স্বাদ মন ভরিয়ে তোলে। চলুন, দেখে নেওয়া যাক এই জিভে জল আনা পদটি বানানোর সহজ পদ্ধতি।

যা যা লাগবে চিংড়ির জল বড়া বানাতে

এই সুস্বাদু পদটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে কিছু সহজলভ্য উপকরণ:

ছোট চিংড়ি মাছ: ৫০০ গ্রাম (খোসা ও মাথা ছাড়িয়ে পরিষ্কার করা)
পেঁয়াজ: ১টি বড় (ঘষে নেওয়া)
আদা বাটা: ১.৫ থেকে ২ টেবিল চামচ
রসুন বাটা: ২ চা চামচ
টক দই: ২ টেবিল চামচ
গুঁড়ো দুধ: ২ টেবিল চামচ
নারকেলের দুধ: আনুমানিক ২ কাপ বা একটু বেশি
গোটা গরম মশলা: (এলাচ, দারচিনি, লবঙ্গ)
গরম মশলা গুঁড়ো: ২-৩ চা চামচ
জিরে গুঁড়ো: ২ চা চামচ
লঙ্কা গুঁড়ো: স্বাদ অনুযায়ী
কাঁচা লঙ্কা: কয়েকটি
শুকনো লঙ্কা: ১-২টি
তেজপাতা: ১টি
হলুদ, নুন, চিনি: পরিমাণ মতো
সর্ষের তেল: রান্নার জন্য
ঘি: ১ চা চামচ (শেষের জন্য)

রান্নার সহজ পদ্ধতি
প্রথমেই খোসা ও মাথা ছাড়ানো চিংড়ি মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে বেটে নিন। মনে রাখবেন, চিংড়ি বাটার সময় জল দেবেন না। বাটার পর এতে অল্প আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে রাখুন।

এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে ঘষে রাখা পেঁয়াজ দিন এবং হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, টক দই, নুন, চিনি এবং বাকি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। যখন মশলা কষা হয়ে তেল উপরে ভেসে উঠবে, তখন অল্প গুঁড়ো দুধ গরম জলে গুলে মিশিয়ে দিন।

মশলা ভালো করে কষে মিশে গেলে নারকেলের দুধ যোগ করুন এবং ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে, আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণটিকে হাতের সাহায্যে ছোট ছোট বড়ার মতো করে ফুটন্ত ঝোলের মধ্যে সাবধানে ছেড়ে দিন। এই ঝোলের মধ্যেই বড়াগুলো তৈরি হবে এবং সিদ্ধ হবে।

খানিকক্ষণ ফোটার পর যখন বড়াগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল সঠিক ঘনত্বে আসবে (খুব পাতলা বা খুব ঘন নয়), তখন সবশেষে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই চিংড়ির জল বড়া পরিবেশন করুন। চাইলে, ঝোল আরেকটু পাতলা করতে চাইলে পেঁয়াজ, রসুন এবং মশলার পরিমাণ সামান্য কমাতে পারেন।

এই গরমে হালকা ও সুস্বাদু এই পদটি আপনার পাতে নতুন স্বাদ আনবে নিঃসন্দেহে।