“হনুমান চালিশা পড়ো দেখি”-পাকিস্তানি দর্শকদের সঙ্গে রসিকতা করে বিতর্কে কমেডিয়ান

ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত, ঠিক তখনই আরও এক কমেডিয়ান বিতর্কের শিরোনামে উঠে এসেছেন। এবার পাকিস্তানি দর্শকদের ‘হনুমান চালিশা’ পাঠ করতে বলে আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় কমেডিয়ান গৌরব গুপ্তা। জানা যাচ্ছে, আমেরিকার (সম্ভবত কানাডার) একটি শহরে শো চলাকালীন এই ঘটনা ঘটেছে, যা দর্শকদের একাংশ একেবারেই ভালোভাবে নেননি।
গৌরব গুপ্তা তাঁর আমেরিকা-কানাডা কমেডি ট্যুরের অংশ হিসেবে কানাডার একটি শহরে শো করছিলেন। নানান ধরনের হাস্যরসাত্মক কথাবার্তা বলতে বলতেই তিনি অপ্রত্যাশিতভাবে পাকিস্তানি দর্শকদের ‘হনুমান চালিশা’ পাঠ করতে বলেন। এই সময়ে দর্শকদের ভিড় থেকে কেউ কেউ ‘সিঁদুর’ (অপারেশন সিঁদুর) বলেও চিৎকার করতে থাকেন। যদিও কমেডিয়ান নিজেই দর্শকদের এমন আচরণ করতে বারণ করেন।
এরপর গৌরব মজার ছলেই পাকিস্তানি দর্শকদের উদ্দেশে বলেন, “ভাই, তোমাদের সাহস আছে এই শোতে এসেছো। পাকিস্তানের শিল্পীরা নিষিদ্ধ। দর্শকেরা নন। আচ্ছা পাকিস্তান থেকে কারা এসেছেন? এ বার হনুমান চালিশা পড়ে শোনান তো। পড়ুন পড়ুন।” যদিও তিনি হাসির ছলেই কথাগুলো বলছিলেন, কিন্তু ভিডিওর এই অংশটি দেখে অনেক নেটিজেনেরই পহেলগাঁও কাণ্ডে ‘কলমা’ পড়তে বলার কথা মনে পড়ে যায়। কমেডিয়ান এরপর পাকিস্তানি দর্শকদের জিজ্ঞাসা করেন যে তাঁরা কি এই মজাটা বুঝতে পেরেছেন।
কাশ্মীরের প্রসঙ্গে পরোক্ষ ইঙ্গিত?
এরপর গৌরব গুপ্তা পরোক্ষে কাশ্মীরের প্রসঙ্গ টেনে বলেন, “আপনারা কি আমার রসিকতা বুঝতে পারছেন? আপনারা পাবেন না, বুঝতে পারছেন না? এত দিন ধরে আমরা বলছি, আপনারা পাবেন না। তাও বুঝতে পারছেন না, আর বার বার এই দিকে চলে আসছেন!”
ইতিমধ্যেই গৌরব গুপ্তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেট নাগরিকই গৌরব গুপ্তাকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘হনুমান চালিশা’ পড়তে বলার রসিকতা দারুণ ছিল এবং এটি কমেডির অংশ হিসেবেই দেখা উচিত।
এই ঘটনা আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে শিল্পীদের মন্তব্য এবং তার প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।