“আমরা দু’জনই বাচ্চা খুব ভালোবাসি…”, সন্তান নিয়ে পরিকল্পনা নিয়ে যা বললেন দর্শনা

টলিউডের আলোচিত জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক, যারা সকলকে চমকে দিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন, এবার তাদের সন্তান ভাবনা নিয়ে মুখ খুললেন। দর্শনা স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি ‘স্টেট আপ উইথ শ্রী’ অনুষ্ঠানে দর্শনার কাছে তাদের সন্তান পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি মা হওয়ার কথা ভাবছেন কিনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো পরিকল্পনা করছেন কিনা, তখন নায়িকা আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, “অবশ্যই, বিয়ে করেছি, এবং আমি আর সৌরভ দু’জনই বাচ্চা খুব ভালোবাসি। আর আমাদের এটা তো অবশ্যই পরিকল্পনা আছে যে, আমরা আমাদের একটা পরিবার তৈরি করব।”
তবে ইন্ডাস্ট্রিতে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, নায়িকাদের সন্তান হলে অনেক সময় তাদের কাজ থেকে বাদ পড়তে হয়। এই প্রসঙ্গে কথা উঠতেই দর্শনা টলিউডের সফল কয়েকজন অভিনেত্রীর উদাহরণ টেনে এনে এই ধারণাকে চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, “মেয়েদের নানাভাবে বাদ দেওয়া হয়। একজন অভিনেত্রী বিয়ে করলেন তখন তাকে বাদ দেওয়া হয়। আবার কোনো অভিনেত্রীর সন্তান থাকলে তাদেরও বাদ পড়তে হয়। কিন্তু আমাদের এখানের ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক দিন আগেই এটা নস্যাৎ করে দিয়েছেন।”
দর্শনা বর্তমান সময়ের উদাহরণ হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “বর্তমান সময় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সন্তানরা এখনও যথেষ্ট ছোট, তাদের সামলে মুম্বাই যাচ্ছেন, বিজ্ঞাপনের কাজ করছেন, অভিনয় করছেন, সমস্ত অনুষ্ঠানে যাচ্ছেন, প্রোডাকশন সামলাচ্ছেন। তাই আমার মনে হয় যে চিকিৎসকরা অনুমতি দিলে, আর মেয়েরা চাইলে সব কিছু করতে পারেন।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ দাস ও দর্শনা বণিক। দেখতে দেখতে তাদের বিয়ের দেড় বছর পূর্ণ হয়েছে, কিন্তু ভালোবাসার টান এতটুকুও কমেনি। বিয়ের পিঁড়িতে বসার আগে দর্শনা জানিয়েছিলেন, “২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নিই।” তারা দুজনেই ‘লিভ ইন’-এ বিশ্বাসী ছিলেন না, তাই বিয়েকেই বেছে নিয়েছিলেন তাদের সম্পর্কের পরিণতি হিসেবে।