‘শাহি সভা’য় ডাক পাননি! প্রথম জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন দিলীপ ঘোষ? জানিয়ে দিলেন ‘নতুন জামাই’

এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ। ঘুচেছে ‘চিরকুমার’ তকমা। রিঙ্কু মজুমদারের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বিজেপি নেতা। মাস দেড়েক আগে বিয়ে হলেও, রবিবার ছিল দিলীপ-রিঙ্কু দম্পতির প্রথম জামাইষষ্ঠী। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় ডাক না পাওয়া দিলীপ কি তবে শ্বশুরবাড়ির আদরেই দিন কাটাবেন?
রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ‘নতুন জামাই’ দিলীপ ঘোষ নিজেই জানালেন, তাঁর কপালে জামাইষষ্ঠীর সুখ নেই! কারণ, তাঁর শ্বশুরবাড়িই নেই। দিলীপের কথায়, “আমি এমন জামাই, আমার শ্বশুরবাড়িই নেই। দেখি কোথায় জামাইষষ্ঠী করি।”
এদিকে, জামাইষষ্ঠীর দুপুরে নেতাজি ইন্ডোরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি বিধায়ক, নেতা, কর্মীদের সেখানে উপস্থিত থাকতে বলা হলেও, ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের ‘রণনীতি’ ঠিক করতে রাজ্যে এসেছেন শাহ। কয়েক বছর আগেও দিলীপ ঘোষের ছায়াসঙ্গী ছিলেন তিনি। কিন্তু, এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ। এবার ‘শাহি সভা’তেও তিনি ব্রাত্য।
দিলীপ ঘোষ যদিও এই নিয়ে কোনওরকম আক্ষেপ প্রকাশ করেননি। তিনি বলেন, “দল মনে করেনি তাই ডাকেনি। কোর কমিটির বৈঠক হলে আমায় ডাকে। দলের তো রাজ্য কমিটিও নতুন করে গঠিত হয়নি। তারপরেও এই ধরণের বৈঠক হচ্ছে। আমি দলের সঙ্গেই রয়েছি। আমি নিজের কাজ করে যাচ্ছি।”
বিজেপির সঙ্গে ‘দূরত্ব’ তৈরি হওয়া নিয়ে দিলীপ ঘোষ মুখে কুলুপ আঁটলেও, রাজনৈতিক মহলের অনুমান, এই দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রধানমন্ত্রীর সভার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতেও ডাক না পাওয়া, বঙ্গ বিজেপিতে প্রাক্তন রাজ্য সভাপতির ‘কোণঠাসা’ হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।