Weather: জামাইষষ্ঠীতে ৫ জেলায় কমলা সতর্কতা, জেনেনিন আজ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুর্বল হয়ে ভারতের মেঘালয়ের দিকে এগোচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমলেও, উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগের মেঘ কাটছে না। আজ, অর্থাৎ জামাইষষ্ঠীর দিনেও উত্তরের পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া, চলুন দেখে নেওয়া যাক।

জামাইষষ্ঠীর দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের অস্বস্তি চরমে উঠবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় মানুষ হাঁসফাঁস করবেন। রবিবার থেকে এই অস্বস্তি আরও বাড়বে। জুন মাসের প্রথম কয়েকদিন তাপমাত্রা প্রায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

তবে, উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ থেকেই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম বাড়বে। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ারই সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট জারি থাকবে। প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া।

মৌসুমী বায়ু ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে, যদিও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর গতিতে। উত্তরবঙ্গে প্রায় দশ দিন আগেই বর্ষা শুরু হয়েছে। কিন্তু আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। তবে অনুকূল পরিবেশে ধাপে ধাপে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে। আপাতত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

কলকাতার আবহাওয়ার কথা বলতে গেলে, আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্রতর হবে। কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

জামাইষষ্ঠীর এই বিশেষ দিনে প্রকৃতির দুই রূপ দেখছে বাংলা – একদিকে উত্তরে অঝোর বৃষ্টি আর দক্ষিণে ভ্যাপসা গরম।