“মাধুরী অশালীন, শ্রীদেবী সেরা”-প্রতিক্রিয়া জানিয়ে ট্রলার মুখে জাহ্নবী কাপুর

বলিউড চিরকালই প্রতিযোগিতা আর বিতর্কের আখড়া। এবার সেই বিতর্কের কেন্দ্রে প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী এবং বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের নাচ! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মাধুরীর নাচকে ‘অশালীন’ এবং শ্রীদেবীকে ‘মার্জিত’ বলে তুলনা করা হয়েছে। আর এই ভিডিওতে শ্রীদেবী কন্যা, অভিনেত্রী জাহ্নবী কাপুরের একটি ‘লাইক’ পড়তেই নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, রীতিমতো বিপাকে পড়েছেন জাহ্নবী।
‘ধাক ধাক’ বনাম ‘খুদাগাওয়া’: জাহ্নবীর লাইকে যত প্রশ্ন
ভাইরাল হওয়া ভিডিওটিতে একদিকে মাধুরীর ব্লকবাস্টার ছবি ‘বেটা’-র জনপ্রিয় গান ‘ধাক ধাক’ এর দৃশ্য চলছে, অন্যদিকে শ্রীদেবীর ‘খুদাগাওয়া’ ছবির একটি দৃশ্য দেখানো হচ্ছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “ছবিতে কিছুই করেননি [শ্রীদেবী], কিন্তু ‘ধাক ধাক কারনে লাগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন [মাধুরী দীক্ষিত]। উল্টো দিকে ‘খুদাগাওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে সেরা অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।”
আর এই ভিডিওটিতে জাহ্নবী কাপুরের দেওয়া লাইক চোখ এড়ায়নি নেটিজেনদের। অনেকেই প্রশ্ন তুলেছেন, মা শ্রীদেবীকে সেরা প্রমাণ করতে গিয়ে জাহ্নবী কি মাধুরীর প্রতি অসম্মান জানালেন?
নেটিজেনদের ট্রোল এবং বিতর্ক
জাহ্নবীর লাইকের স্ক্রিনশট দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে জাহ্নবীকে ট্রোল করতে শুরু করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এখন জাহ্নবীও অ্যালগরিদমের গল্প নিয়ে আসবেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “বিরাট কোহলি এবং তামান্না ভাটিয়ার পরে এখন জাহ্নবীও বলবেন যে এটি ভুলবশত লাইক হয়ে গেছে।” এই মন্তব্যের মাধ্যমে অতীতের তারকাদের ‘ভুল করে লাইক’ করার অজুহাতকে কটাক্ষ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মাধুরী দীক্ষিত অভিনীত ‘বেটা’ এবং শ্রীদেবী অভিনীত ‘খুদাগাওয়া’— দুটি ছবিই ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল। দুই কিংবদন্তী অভিনেত্রীর মধ্যে এই তুলনা এবং জাহ্নবীর ‘লাইক’ বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।