Share: নেট প্রফিট বেড়েছে ৩৬৫%, বাজারে এই সংস্থার শেয়ার দর ১৩% বেড়ে গেলো

রিনিউয়েবল এনার্জি সেক্টরের অন্যতম পথিকৃৎ সুজ়লন এনার্জির শেয়ার দর শুক্রবার লাফিয়ে বাড়ল ১৩.৬০ শতাংশ। এই বৃদ্ধির জেরে সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৭৪.৩০ টাকায় পৌঁছেছে, যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার ২০২৫ অর্থবর্ষের শেষ অর্থাৎ চতুর্থ ত্রৈমাসিকের দুর্দান্ত ফলাফল প্রকাশের পরেই এই উত্থান দেখা গেল।

জানুয়ারি থেকে মার্চ ২০২৫-এর মধ্যে সুজ়লন এনার্জি অভাবনীয় ব্যবসা করেছে। এই তিন মাসে সংস্থার নেট প্রফিট দাঁড়িয়েছে ₹১,১৮১ কোটি, যা গত বছর অর্থাৎ ২০২৪ সালের এই সময়ের ₹২৫৪ কোটি থেকে ৩৬৫ শতাংশ বেশি। নেট প্রফিটের পাশাপাশি, এই ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউও ৭৩ শতাংশ বেড়ে ₹৩,৭৭৪ কোটি হয়েছে।

শুধুমাত্র ত্রৈমাসিক নয়, সম্পূর্ণ ২০২৫ অর্থবর্ষেও সুজ়লন এনার্জির নেট প্রফিটে বিশাল বৃদ্ধি দেখা গেছে। ২০২৪ অর্থবর্ষের ₹৬৬০ কোটি থেকে বেড়ে তা ₹২,০৭২ কোটি হয়েছে।

সুজ়লন এনার্জির আর্থিক রিপোর্ট ভালো হবে, এই আশায় সপ্তাহের শুরু থেকেই সংস্থার শেয়ার দর বাড়তে শুরু করেছিল। বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ হওয়ার পর সেই রিপোর্ট প্রকাশিত হয়, যার ফলস্বরূপ শুক্রবার এই বিপুল বৃদ্ধি দেখা গেল।

গত পাঁচ ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ার দর ১১ শতাংশের বেশি বেড়েছে। গত এক মাসে তা বেড়েছে ২৫ শতাংশ, এবং গত এক বছরে এই স্টক থেকে ৫৬ শতাংশের বেশি রিটার্ন পাওয়া গেছে। আরও উল্লেখযোগ্য হলো, গত পাঁচ বছরে সুজ়লন এনার্জির স্টক থেকে বিনিয়োগকারীরা ২,৬০০ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন, যা একটি অসাধারণ পারফরম্যান্স।

(বিনিয়োগের জন্য পরামর্শ: শেয়ার বাজার বা যেকোনো ক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে সবসময় সঠিক গবেষণা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। এই খবরটি শুধুমাত্র তথ্য এবং সচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।)