‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর রিমেক হলে নায়ক-নায়িকা হিসেবে কাকে চান প্রসেনজিৎ-ঋতুপর্ণা?

“চোখ তুলে দেখো না কে এসেছে…” – এই গানটি আজও যেকোনও বিয়েবাড়ির অনুষ্ঠানে বাজলে দর্শকরা মেতে ওঠেন। আর এই গানের দৃশ্যে থাকা জুটি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত, দশকের পর দশক ধরে দর্শকদের একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সম্প্রতি তাঁদের অভিনীত শেষ ছবি ‘অযোগ্য’ বক্স অফিসে সাড়া ফেলেছে। এবার আরও একটি সুসংবাদ: ২০০০ সালে মুক্তি পাওয়া তাঁদের ব্লকবাস্টার ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ঠিক পঁচিশ বছর পর আজ, ৩০ মে, ২০২৫, শুক্রবার, আবারও বড় পর্দায় মুক্তি পাচ্ছে!
পরিচালক হরনাথ চক্রবর্তীর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ২০০০ সালে প্রেক্ষাগৃহে গোল্ডেন জুবিলি সম্পন্ন করেছিল। এই ঐতিহাসিক রি-রিলিজ উপলক্ষে বাংলা সংবাদ মাধ্যম TV9 বাংলার সঙ্গে কথা বলেছেন টলিউডের এই হিট জুটি। টলিউডের ‘ম্যাটিনি আইডল’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “পঁচিশ বছর আগে ঠিক জামাইষষ্ঠীর দিন এই ছবিটি মুক্তি পেয়েছিল, তেমনই এবারও জামাইষষ্ঠীর আগেই রি-রিলিজ করছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।”
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর রিমেক হলে কারা হবেন নায়ক-নায়িকা?
এই ছবির যদি রিমেক হয়, তাহলে টলিউডের কোন দুই নায়ক-নায়িকাকে তাঁরা নিজেদের চরিত্রে দেখতে চান, এই প্রশ্ন করা হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। উত্তরে টলিউডের ‘জ্যেষ্ঠ পুত্র’ প্রসেনজিৎ বললেন, “দেখো এটা বলা খুব কঠিন, কারণ সবাই আমার খুব স্নেহের, কাছের। তবে এই ছবিতে আমার অভিনীত চরিত্রের মধ্যে একটু কমেডির মিশ্রণ ছিল, আর এখনকার নায়কদের মধ্যে অঙ্কুশ হাজরার কমিক টাইমিং খুব ভালো, এই চরিত্রের জন্য একদম পারফেক্ট। নায়িকাটা ঋতু বলুক।”
প্রসেনজিতের কথা শুনে অনেক ভেবে ঋতুপর্ণা বললেন, “আমার চরিত্রটা একদিকে খুব স্মার্ট, সঙ্গে খুব ইমোশনাল। এখনকার নায়িকাদের মধ্যে হতেই পারে দর্শনা বণিককে ভালো লাগবে।” এর সঙ্গেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যোগ করেন, “এখনকার সবাই খুব প্রিয়, তবে এই ছবির জন্য নতুন কাউকে নিলেই ভালো। এই যেমন ‘খাদান’-এর নায়িকা ইধিকা পালকে মনে হয় ভালো লাগবে।”
ছবি রিমেক হলে কারা অভিনয় করবে, সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে আপাতত এই জুটির প্রথম সুপারহিট ফিল্মটি বড় পর্দায় আবার দেখার সুযোগ পাচ্ছে নতুন প্রজন্ম। এই ছবির ম্যাজিক এখনকার দর্শকদের মধ্যে কেমন প্রভাব ফেলে, সেটাই দেখার বিষয়।