SSC দুর্নীতি মামলায় চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য আশার আলো! OMR প্রকাশের দাবি

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য নতুন করে আশার আলো দেখা দিয়েছে। চাকরি ফিরে পাওয়ার লক্ষ্যে সুমন বিশ্বাস এবং অন্যান্য চাকরিপ্রার্থীরা ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। এই আইনি লড়াইয়ের মূল উদ্দেশ্য হল OMR শিটের (উত্তরপত্র) মিরর ইমেজ প্রকাশ করা, যা যোগ্য প্রার্থীদের হারানো চাকরি পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আবেদনকারীরা জানিয়েছেন যে, এই বিষয়ে তারা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেছেন। তাদের দৃঢ় বিশ্বাস, OMR শিটের মিরর ইমেজ প্রকাশের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং যোগ্য প্রার্থীরা তাঁদের হারানো চাকরি ফিরে পেতে পারেন।
আবেদনকারীদের বক্তব্য অনুযায়ী, এই OMR শিটের মিরর কপি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) কাছেই গচ্ছিত রয়েছে এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এই কপিগুলোকে আসল বলে স্বীকৃতিও দিয়েছে। আশ্চর্যজনকভাবে, এর আগে কোনো আইনজীবী CBI-কে এই মামলায় OMR মিরর ইমেজ প্রকাশের জন্য আবেদন জানাননি। সেই কারণে, এই নতুন পিটিশনে CBI-কে একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে এই গুরুত্বপূর্ণ নথিগুলি আদালতের সামনে পেশ করা যায় এবং মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়।
এই মামলার প্রধান আবেদনকারী হলেন সুমন বিশ্বাস এবং মামলাটি “সুমন বিশ্বাস অ্যান্ড আদার্স” নামে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার ডায়েরি নম্বর হল 30303/2025।
এই নতুন রিট পিটিশন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সর্বোচ্চ ন্যায়ালয়ের এই বিষয়ে কী রায় হয়, তার উপরই বহু চাকরিহারা যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে।