ফাঁদ পেতেছিল বনদফতর! খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস ফেলছে গ্রামবাসীরা

ফালাকাটা ব্লকের খাওচাঁদ পাড়ার তিনবিঘা সংলগ্ন বড় মাঠ এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘটি অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে। আজ ভোরে স্থানীয়রা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ছোটাছুটি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমে যায়। তড়িঘড়ি বন দফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে খাঁচাসহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

গত কয়েকদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব চলছিল। এর ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছিল। সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছিলেন সকলে। ওই অঞ্চলের গ্রামগুলিতে নিয়মিত চিতাবাঘের হামলার খবর পাওয়া যাচ্ছিল, বিশেষ করে ছাগল, হাঁস, মুরগির মতো গৃহপালিত পশুপাখি বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। এই উপদ্রব থেকে বাঁচতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের সেই আশা পূরণ হলো। কয়েকদিন আগেই বন দফতর এই ব্যবস্থা করে এবং আজ চিতাবাঘটি ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।