করোনা মোকাবিলায় প্রস্তুত উত্তরবঙ্গ মেডিক্যাল, ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নতুন করে করোনা আক্রান্তের খবর মেলার পর পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার হাসপাতালে অনুষ্ঠিত রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, উত্তরবঙ্গে করোনা সংক্রমণ দেখা দিলে তা সামাল দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখবে। সম্প্রতি কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলেছে এবং ঋতু পরিবর্তনের এই সময়ে রাজ্যে করোনার দাপট অব্যাহত রয়েছে। এমনকি মালদাতে এক শিশুর দেহেও কোভিড ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই পরিস্থিতিতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কোভিডের মোকাবিলায় নিজেদের প্রস্তুত করছে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে এখন থেকেই তৈরি করা হচ্ছে। সরকারি তরফে এসওপি (Standard Operating Procedure) এসেছে, যেখানে কী কী করণীয় আর কী কী করণীয় নয়, তার তালিকা রয়েছে। মেডিক্যাল কলেজ পুরোপুরি প্রস্তুত। ২০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ডও তৈরি রাখা হয়েছে। কোভিডের সঙ্গে মোকাবিলা করার জন্য আবারও প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে এখনই উদ্বেগের মতো কিছু নেই।”

হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, “আবারও সতর্কতা মেনে চলতে হবে। আগের মতো ভিড় এড়িয়ে চলতে বলা হচ্ছে। স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার ফের শুরু করতে হবে। আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতির জন্য আমরা একটি আলাদা ওয়ার্ড তৈরি করে রেখেছি। সেই মতো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও সতর্ক করা হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষের এই আগাম প্রস্তুতি উত্তরবঙ্গের মানুষকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে, কারণ এটি সম্ভাব্য করোনা পরিস্থিতির জন্য একটি সক্রিয় পদক্ষেপ।