গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, কম্পন অনুভূত হল বাংলাদেশেও

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। বুধবার রাত ১টা ৫৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ছিল ভূমিকম্পের উৎসস্থল, ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্র।

ভূমিকম্পের জেরে মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্পের রেশ পৌঁছায়। গভীর রাতে হঠাৎ করে ঘরবাড়ি দুলে ওঠায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ভয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, মনে হচ্ছিল যেন ঘর দুলছে, তাই বাধ্য হয়েই বাইরে চলে আসেন তাঁরা।

তবে, আশার কথা যে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মণিপুর, মেঘালয় বা বাংলাদেশে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

উল্লেখ্য, এর আগে গত ৫ মার্চ এক ঘণ্টার মধ্যে দু’বার কেঁপে উঠেছিল মণিপুর। সেসময় দুটি ভূমিকম্পেরই উৎসস্থল ছিল কামজং জেলা। রিখটার স্কেলে তাদের মাত্রা ছিল যথাক্রমে ৫.৭ ও ৪.১। মাস তিনেকের মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, যা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।