কান-এ উর্বশীর ফ্যাশন বিতর্ক, ঐশ্বর্যকে নকলের অভিযোগের কড়া জবাব!

কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধনী দিনে চোখধাঁধানো পোশাকে রেড কার্পেটে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লাল, নীল, আর হলুদের তীব্র রঙে ভরা গাউন, মাথায় রঙিন টায়ারা, হাতে ঝলমলে ক্রিস্টালে মোড়া টিয়া-পাখির আকৃতির ক্লাচ, আর ঝলমলে সব গয়না নিয়ে তিনি হাজির হয়েছিলেন। তবে প্রথম দিনের এই লুক নিয়েই শুরু হয়েছে জোর সমালোচনা।

ঐশ্বর্যকে নকলের অভিযোগ:

নেটিজেনদের একাংশ উর্বশীর প্রথম দিনের লুকের সঙ্গে ২০১৮ সালে ঐশ্বর্য রাই বচ্চনের কান উপস্থিতির তুলনা টেনেছেন। তাঁদের দাবি, ঐশ্বর্যের আইকনিক পোশাক নকল করে নিজের পোশাক বানিয়েছেন উর্বশী। এই অভিযোগ ঘিরে কিছুদিন ধরেই নেটপাড়ায় তোলপাড় চলছে। এমনকি, লাল গালিচায় ছেঁড়া পোশাকেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

উর্বশীর কড়া জবাব:

অবশেষে এই জোর সমালোচনার জবাব দিলেন ‘ডাকু মহারাজ’ অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কারও নকল করতে তিনি ইন্ডাস্ট্রিতে আসেননি। তিনি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, যা তাঁর চেহারা এবং আত্মবিশ্বাস তাঁকে সকলের থেকে আলাদা পরিচিতি দিয়েছে। তাই তাঁর বিরুদ্ধে করা নিন্দুকদের নিন্দা মন্তব্য আরও চালিয়ে যেতে বলেন তিনি। কারণ উর্বশীর মতে, একজন রানির পথে নিন্দা কখনও বাধা হয়ে দাঁড়ায় না।

আলিয়া ভাটের প্রশংসা:

কান-এর গালিচায় বিভিন্ন ফ্যাশনে আলিয়া ভাট বাজিমাৎ করলেও, উর্বশী তাঁর বহুমূল্য পোশাক ও ব্যাগ নিয়েও একেবারেই ছাপ ফেলতে পারেননি, বরং তাঁর ব্যবহারের জন্য তিনি নিন্দিত হয়েছেন। তবে সম্প্রতি উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গে দেখা যায় আলিয়াকে। ছবিতে দেখা যাচ্ছে, বহু তারকা উর্বশীকে এড়িয়ে গেলেও আলিয়া তাঁর সঙ্গে নিজস্বী তুলেছেন। এই ঘটনায় উর্বশী কটাক্ষের শিকার হলেও আলিয়া তাঁর বিনয়ী ব্যবহারের জন্য প্রশংসিত হয়েছেন।