“সৌভাগ্য নিয়ে এসেছে…,”-তেজস্বীর ছেলের মুখ দেখে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা

মঙ্গলবার সকালে লালু প্রসাদ যাদবের পরিবারে এক দারুণ খুশির খবর এলো। আরজেডি প্রধান আবারও দাদু হলেন, কারণ তাঁর ছোট পুত্র তেজস্বী যাদব এবং তাঁর স্ত্রী রাজশ্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই নবজাতকের জন্ম হয়েছে। তেজস্বী যাদব নিজেই নিজের এক্স হ্যান্ডেলে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন।
এই খবর পেয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি যাদব পরিবারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটে এই নবজাতক সৌভাগ্য নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ও রাজনৈতিক বার্তা
হাসপাতালের সামনে তেজস্বী যাদবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তেজস্বীর পরিবারে খুশির খবর। লালু যাদবকে অনেক শুভেচ্ছা। এই সন্তান সুখ শান্তি নিয়ে আসবে।” তিনি আরও দাবি করেন যে, তেজস্বীর পুত্রসন্তান সুস্থ আছে। মজা করে তিনি এও বলেন, “বাবা-মা সুন্দর, সন্তানও সুন্দর হয়েছে।” এই হালকা মেজাজেই বাংলার মুখ্যমন্ত্রী বিহার ভোটের প্রসঙ্গ তুলে আনেন এবং আশা প্রকাশ করেন যে, বিহারে আসন্ন বিধানসভা ভোটে লালুর দলের জন্য এই নবজাতক সৌভাগ্য নিয়ে আসবে।
নবজাতকের আগমন ও পারিবারিক আনন্দ
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্তান এবং মা দু’জনেই এখন ভালো আছেন। সোমবার রাতেই তেজস্বীর স্ত্রীকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং মঙ্গলবার সকালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। ২০২১ সালে তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয়েছিল এবং ২০২৩ সালে তাদের কোলে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। এবার পরিবারে এলো এক পুত্রসন্তান। সদ্যোজাতকে দেখতে যাদব পরিবারের সদস্যরা রবিবারই কলকাতায় চলে আসেন।
এই নবজাতকের আগমন লালু প্রসাদ যাদবের পরিবারে এক নতুন আনন্দের ঢেউ এনেছে, বিশেষ করে যখন পরিবারটি সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ছিল।