‘পাগল’ ভেবেছিলো সবাই! সকলের বারণ অমান্য করেও কেন ‘জিসম’ ছবিতে কাজ করেছিলেন বিপাশা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী বিপাশা বসুর একটি নতুন ছবি ভাইরাল হয়েছে, যা তাঁর ওজন বৃদ্ধি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর শরীরের মেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ বিপাশাকে ওজন কমানোর পরামর্শ দিচ্ছেন, আবার কেউ বলছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা উচিত নয় এবং তাঁকে নিজের ইচ্ছামতো বাঁচতে দেওয়া উচিত। এই আলোচনাগুলোই আবার দর্শকদের মনে ফিরিয়ে আনছে বিপাশা অভিনীত সাড়াজাগানো ছবি ‘জিসম’-এর স্মৃতি।
‘জিসম’ ছবি তৈরির সময়ের এক সাক্ষাৎকারে বিপাশা যে ঘটনাগুলো শেয়ার করেছিলেন, তা আজও বহু মানুষকে অবাক করে। বিপাশা জানান, যখন তাঁর কেরিয়ারের সেরা সময় চলছিল, তখনই এই ছবির প্রস্তাব আসে। প্রায় সকলেই তাঁকে এই ছবি করতে বারণ করেছিলেন। তাঁদের মত ছিল, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ ছবিতে অভিনয় করা একেবারেই অনুচিত। বলিউডের ছাঁচে ফেলা নায়িকাদের যে ইমেজ দর্শকদের মনে তৈরি হয়েছিল, তা ভেঙে এই ধরনের ছবিতে কাজ করতে নিষেধ করা হয়েছিল তাঁকে।
তবে বিপাশা গল্পের প্রেমে পড়েছিলেন এবং ছবিটি করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “আমি বলেছিলাম, ছবিটা করবই। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও সকলে আমাকে থামানোর চেষ্টা করেছিলেন। আমার ম্যানেজার বলেছিলেন, আমি পাগল হয়ে গিয়েছি।”
বিপাশা অবশ্য ছক ভেঙে ‘জিসম’-এ অভিনয় করে নিজের কেরিয়ারে যে একটি নতুন মাত্রা যোগ করেছিলেন, তা অস্বীকার করার উপায় নেই। এই ছবিতে তাঁর সাহসী অভিনয় এবং ভিন্ন ধারার গল্প নির্বাচন তাঁকে বলিউডে এক স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছিল।
যদিও গত এক দশকে বিপাশা বলিউডের মূলস্রোত থেকে অনেকটাই দূরে। তাঁর বর্তমান শারীরিক গঠন দেখে মনে হচ্ছে, তিনি এখনই নিয়মিত অভিনয়ে ফিরতে চাইছেন না। তবে বাঙালি দর্শকরা আজও বিপাশার কাজ দেখতে আগ্রহী। অনেকেই তাঁর কাছে জানতে চান, তিনি কবে আবার বাংলা ছবিতে অভিনয় করবেন। বিপাশার এই নতুন ছবি এবং তাঁকে ঘিরে চলা আলোচনা আবারও প্রমাণ করে যে, একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তিনি আজও দর্শকদের মনে এক বিশেষ জায়গা ধরে রেখেছেন।