OMG! স্ত্রীকে খুনের ষড়যন্ত্র করলেন স্বামী, ৬ লক্ষ টাকা দিয়ে খুনিদের করলেন ভাড়া

টাকাপয়সা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং বিবাহবিচ্ছেদের টানাপোড়েনের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটল নভি মুম্বইয়ে। ২৭ বছর বয়সী আলভিনা নামের এক তরুণীকে গত ১৮ই মে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী কিশোর সিং রাজপুতের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় নভি মুম্বই থেকে তিনজন এবং নয়ডা থেকে দু’জন সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে আলভিনার সঙ্গে কিশোর সিং রাজপুতের বিয়ে হয়েছিল। বিয়ের পর এই দম্পতি যৌথভাবে একটি মেডিকেল স্টোর খোলেন। অভিযোগ, সেই ব্যবসায় আলভিনা প্রায় ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। এই বিনিয়োগকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় এবং তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে, তাঁরা বিবাহবিচ্ছেদের কথাও ভাবতে শুরু করেন।

এই পরিস্থিতিতে আলভিনা তাঁর বিনিয়োগ করা টাকা স্বামীর কাছ থেকে ফেরত চান। কিন্তু কিশোর সিং রাজপুত সেই টাকা ফেরত দিতে রাজি হননি বলে অভিযোগ। পুলিশের তদন্তে উঠে এসেছে যে, এরপরই কিশোর তাঁর স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এক ভয়াবহ পরিকল্পনা করেন।

পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কিশোর উত্তর প্রদেশের একজন স্যালোন মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর স্ত্রীকে হত্যার জন্য ৬ লক্ষ টাকায় চুক্তি করেন। খবর অনুযায়ী, ওই স্যালোন মালিক অগ্রিম ৫ লক্ষ টাকা নেন। তিনিই এই হত্যাকাণ্ডের জন্য আততায়ীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং পুরো পরিকল্পনা সাজান।

পুলিশ জানিয়েছে, গত ১৮ই মে আলভিনাকে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় গলা কেটে হত্যা করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় ​​কুমার লান্ডগে জানান, কিশোর ভেবেছিলেন যে টাকা পরিশোধ করার পরেও আলভিনা বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন না। তাই তিনি আলভিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

গ্রেফতারকৃতদের ২৭শে মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনে আরও কারা জড়িত এবং পুরো চক্রান্তটি কিভাবে সাজানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।