পাশকুঁড়াকাণ্ডে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়ের করলেন মৃত নাবালকের মা! পুলিশের কাছে কোন অনুরোধ চেয়ে বসলেন?

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চুরির অপবাদে এক নাবালকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর রক্ষিতের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় একটি এফআইআর দায়ের করেছেন মৃত নাবালকের মা। এর ভিত্তিতে পুলিশ মামলাও রুজু করেছে।

মৃত বালকের পরিবারের অভিযোগ, গত রবিবার শুভঙ্কর রক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল নাবালকটি। দোকানে মালিককে না পেয়ে সে মাটিতে পড়ে থাকা একটি চিপসের প্যাকেট তুলে নেয়। এরপরই দোকান মালিক মোটরবাইকে চেপে নাবালকের পিছু ধাওয়া করেন এবং তাকে মারধর করার পাশাপাশি কান ধরে ওঠবসও করান। চুরির এই অপবাদ সহ্য করতে না পেরে নাবালকটি কীটনাশক পান করে। চারদিন পর গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

মৃত বালকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যদি আমার সন্তানকে ‘চোর চোর’ বলে তাড়িয়ে নিয়ে না যেত, তাহলে আমার সন্তানটা হয়তো এই আত্মহত্যাটা করত না। ওর (সিভিক ভলান্টিয়ার) উচিত ছিল সিসিটিভিটা দেখে আমার বাড়িতে এসে জিজ্ঞেস করা যে আমার সন্তান চুরি করে নিয়ে গেছে না কী করেছে।” তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার অভিযুক্ত দোকান মালিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। রবিবার মৃত নাবালকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুলিশের উচিত ছিল বাড়িতে এসে পরিবারের সঙ্গে কথা বলা। কংগ্রেস এই পরিবারকে আইনি সহায়তা দিতে পাশে থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে, দোষীর শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় পাঁশকুড়া থানার সামনে চিপসের প্যাকেট গলায় নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “এদের বাড়াবাড়ি চরম বেড়েছে কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি। এরা সব পার্টির ক্যাডার। এদের সংসার চলে না, এরা এইসব চুরিচামারি, দাদাগিরি রাহাজানির কাজে ব্যস্ত।”

তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” বললেও এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন। তিনি এটিকে একটি সামাজিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর রক্ষিতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার বিচার চেয়ে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।