SPORTS: প্লে-অফের আগে বড় সুখবর পেল বেঙ্গালুরু, শুনেই উচ্ছসিত RCB -র ফ্যানেরা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জন্য এল এক বড় সুখবর! আইপিএল ২০২৫-এর প্লে-অফের আগে দলের সেরা বোলিং অস্ত্র অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ভারতে ফিরেছেন। ভারত-পাকিস্তানের সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং কাঁধের চোটের কারণে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তার প্রত্যাবর্তন নিশ্চিতভাবে কোহলি-পাতিদারের দলকে বাড়তি শক্তি জোগাবে।
চলতি আইপিএল আসরে হ্যাজলউড তিনটি ম্যাচ মিস করেছেন, অথচ এখনও তিনিই বেঙ্গালুরুর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি সেরা উইকেট শিকারিদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। তার ১৭.২৭ গড় এবং ৮.৪৪ ইকোনমি তার কার্যকরিতার প্রমাণ। দেশে ফিরে কাঁধের চোটের পুনর্বাসন নিয়ে কাজ করেছেন হ্যাজলউড এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্যও ব্রিসবেনে প্রস্তুতি শুরু করেছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আগামী ১১ জুন লর্ডসে টেস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে, তবে তার আগেই আইপিএল শেষ হয়ে যাবে।
দলে হ্যাজলউডের অনুপস্থিতি পূরণের চেষ্টা করেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা লুঙ্গি এনগিডি। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে তাকে প্লে-অফে পাবে না বেঙ্গালুরু। ইতোমধ্যেই এই প্রোটিয়া পেসারের বদলে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নেওয়া হয়েছে। বেঙ্গালুরুর দ্বিতীয় সেরা বোলাররা হলেন ক্রুনাল পান্ডিয়া (১৫ উইকেট) এবং যশ দয়াল (১০ উইকেট)। এছাড়াও, চলতি আসরে এখনও একাদশে সুযোগ না পাওয়া শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারাও বেঙ্গালুরুর স্কোয়াডে আছেন।
Josh Hazlewood is back! 🔥🫡
How excited are we, 12th Man Army? This is Royal Challenge presents RCB Shorts.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/JwDneqD8Lz
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 25, 2025
কয়েকদিন আগেই প্লে-অফ নিশ্চিত করা বেঙ্গালুরু বর্তমানে শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্যে লড়াই করছে। যদিও গত শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে তাদের হতাশার হার কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮৯ রানেই থেমে যায় বেঙ্গালুরু, যা লিগপর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটিকে কিছুটা ঝুঁকিতে ফেলে দিয়েছে। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বর্তমানে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে। লিগপর্বের শেষ ম্যাচে তারা আগামী ২৭ মে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হ্যাজলউডের প্রত্যাবর্তন বেঙ্গালুরুর জন্য বাড়তি পাওনা। ম্যাচটি নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর বিশ্লেষণে ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে বলেন, “আরসিবির জন্য ভালো বিষয় হচ্ছে তারা লিগপর্বের শেষ ম্যাচ খেলতে নামছে। তার আগে তারা জানে তাদের বর্তমান অবস্থান কী এবং কী করতে হবে।”
সব মিলিয়ে, আইপিএলের প্রথম শিরোপা প্রত্যাশী বেঙ্গালুরু মিশ্র অনুভূতি নিয়েই প্লে-অফে খেলতে নামবে। হ্যাজলউডের আগমন তাদের শিরোপা জয়ের স্বপ্নকে কতটা এগিয়ে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।