‘অমর সঙ্গী’র পর ছোটপর্দায় ফিরলেন ‘শ্যামৌপ্তি’, নতুন পথ চলা নিয়ে যা বললেন অভিনেত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অমর সঙ্গী’ হঠাৎ করেই শেষ হয়ে যাওয়ার পর দর্শক হতাশ হয়েছিলেন। নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলির এই নতুন জুটি দর্শকের মন জয় করে নিলেও, স্বল্প সময়ের মধ্যেই মেগাটি শেষ হয়। তবে এবার অনুরাগীদের আবদার মিটিয়ে ফের ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।
‘অমর সঙ্গী’ শেষ হওয়ার পর থেকেই শ্যামৌপ্তিকে আবারও ছোটপর্দায় দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে অভিনেত্রী অবশ্য তাঁর নতুন উদ্যোগে ব্যস্ত। তিনি নিজের একটি ক্যাফে ও বুটিক শুরু করেছেন, যা নিয়েই তাঁর নতুন অধ্যায় চলছে। তবে এরই মাঝে তিনি ফিরে এলেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।
শ্যামৌপ্তি এবার নতুন কোনো ধারাবাহিকে নয়, বরং সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’তে একটি বিশেষ চরিত্রে ফিরলেন। এই ধারাবাহিকের আসন্ন জামাইষষ্ঠী স্পেশাল পর্বে তাঁকে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে। ইতিমধ্যেই অভিনেত্রী প্রোমোর শুটিং সেরেছেন। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘পুতুল’ ও ‘ময়ূখ’-এর ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। জামাইষষ্ঠীতে পুতুল যখন বিপাকে পড়ে, তখন তার পাশে দাঁড়াতেই হাজির হন শ্যামৌপ্তি।
‘আজকাল ডট ইন’-এর প্রশ্নে নতুন কাজ কবে শুরু করবেন, এই বিষয়ে শ্যামৌপ্তি জানান, “আমি বরাবরই ধারাবাহিকে কাজ করতে চেয়েছি। সবে একটা মেগা শেষ হল। এখন ব্যবসার কাজেই ব্যস্ত। যদিও ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি নতুন ধারাবাহিকে ফেরার। সবটাই সময়ের অপেক্ষা।”
এই স্বল্প সময়ের বিরতি শেষে শ্যামৌপ্তির ছোটপর্দায় প্রত্যাবর্তন তাঁর ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। আশা করা যায়, খুব শীঘ্রই তাঁকে কোনো নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে।