সরকারি কর্মীদের DA নিয়ে নবান্নের বড় ঘোষণা! ২৫% নয়, ১০ শতাংশ ডিএ বাড়ছে বঙ্গের কর্মীদের

সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি চলাকালীনই রাজ্য সরকারের তরফে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মীরা জুন মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীরা জুন মাস থেকে ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। একই হারে অর্থাৎ ১৮ শতাংশ হারে মহার্ঘ ত্রাণ (ডিআর) পাবেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও।

পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্তদের জন্য ১০% ডিএ বৃদ্ধি
তবে, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে, তা মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে, যা ২০১৬ সাল থেকে আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে। এই মামলায় ২০২২ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই পথে না হেঁটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

রাজ্য সরকারের অর্থ দফতর জানিয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন, তাঁদের জন্য ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। নবান্নের ঘোষণা অনুযায়ী, এই বর্ধিত হারে ডিএ তাঁরা ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে পাবেন।

এই ঘোষণা রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্তদের জন্য বর্ধিত ডিএ স্বস্তি আনলেও, অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্তদের দীর্ঘদিনের বকেয়া ডিএ নিয়ে মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন।