খরচা সরকারের! বিদেশ ভ্রমণের সুযোগ পেল ২২ জন মেধাবী পড়ুয়া

শিক্ষামূলক ভ্রমণ প্রতিটি শিক্ষার্থীর জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সাধারণত স্বল্প পরিসরের এই ভ্রমণ থেকে বেরিয়ে এসে এবার তামিলনাড়ু সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। রাজ্যের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে জার্মানিতে ৭ দিনের শিক্ষামূলক ভ্রমণে পাঠানো হয়েছে, যার পুরো খরচ বহন করছে রাজ্য সরকার।
শিক্ষামূলক ভ্রমণ সাধারণত খুব বেশি দূরের হয় না, হয়তো এক বা দুই রাতের জন্য স্থানীয় কোনো স্থানে শিক্ষকদের তত্ত্বাবধানে নতুন কিছু শেখার উদ্দেশ্যে যাওয়া হয়। তবে, এই প্রথাগত ধারণা থেকে সরে এসে তামিলনাড়ু সরকার এবার ৩ কোটি টাকা খরচ করে রাজ্যের সেরা ২২ জন শিক্ষার্থীকে বিদেশ ভ্রমণের সুযোগ দিল। এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য রাজ্য সরকারগুলিকেও তাদের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করবে।
জার্মানি সফরে এই শিক্ষার্থীরা মিউনিখ শহর ঘুরে দেখবে। শুধু শহর পরিক্রমাই নয়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবে। এছাড়া, বিএমডব্লিউ মিউজিয়াম, দাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্প, ডয়চে মিউজিয়াম এবং সোয়ারভস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ড সহ নানা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের সুযোগ পাবে।
প্রসঙ্গত, তামিলনাড়ু সরকারের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে শিক্ষামূলক ভ্রমণে পাঠানোর উদ্যোগ নতুন নয়। এর আগেও রাজ্যের শিক্ষার্থীদের সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও হংকং-এ পাঠানো হয়েছে। এই ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।