আগামী কয়েকদিন সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা, জারি সতর্কতা! কী এমন ঘটল আরব সাগরে?

কেরল উপকূলের কাছে আরব সাগরে লাইবেরিয়ার একটি কন্টেনার জাহাজ হেলে পড়ার পর সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। সমুদ্রের তীরে কিছু ভেসে আসতে দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে বলা হয়েছে এবং সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানা গেছে, শনিবার কেরল উপকূলের কাছে আরব সাগরে হেলে পড়া এই কন্টেনার জাহাজটিতে তেল-সহ একাধিক ক্ষতিকারক পদার্থ ছিল, যা ক্রমশ সমুদ্রে মিশে যাচ্ছে। এই কারণেই প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করছে। বর্তমানে সমুদ্রের জলের সংস্পর্শে এলে বিপদ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
কেরল রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমুদ্র উপকূলে কোনো জিনিস ভাসতে দেখলে অবিলম্বে পুলিশকে খবর দিতে হবে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২১ জনকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইতিমধ্যেই উদ্ধার করেছে। জাহাজের চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার এবং ক্যাপ্টেন এখনও জাহাজে রয়েছেন। জাহাজটি প্রায় ২৬ ডিগ্রি হেলে আছে বলে জানা গেছে।