AI-চালিত রোবট দোকানে বেচবে গাড়ি, জেনেনিন কোথায় শুরু হলো এই পরিষেবা?

খুব শিগগিরই যুক্তরাজ্যের গাড়ির শোরুমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রোবটের দেখা মিলতে পারে। যুক্তরাজ্যের বৈশ্বিক গাড়ি নির্মাতা কোম্পানি ‘চেরি’ তাদের কর্মস্থলে এমনই এক অদ্ভুত নতুন সদস্য যোগ করেছে। এটি কেবল শোরুমের পরিবেশই বদলে দেবে না, বরং গ্রাহক সেবায়ও আনবে নতুন মাত্রা।
গত ২৩শে এপ্রিল চীনে অনুষ্ঠিত ‘শাংহাই মোটর শো’-তে ‘ওমোডা’ ও ‘জাইকো’ ব্র্যান্ডের মালিক কোম্পানি ‘চেরি’ তাদের অত্যাধুনিক সেলস অ্যাসিস্টেন্ট রোবট ‘মর্নাইন’-কে প্রদর্শন করে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এই রোবট ক্রেতাদের অভ্যর্থনা জানাতে, তাদের গাড়ির আশপাশে ঘুরিয়ে দেখাতে এবং এমনকি চা বা কফিও তৈরি করে দিতে সক্ষম।
এআই-নির্ভর এই রোবটটি মেশিন লার্নিং ব্যবহার করে নিজের কাজের দক্ষতা বাড়ায়। এর অর্থ হলো, এটি গ্রাহকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে শিখে ফেলে কীভাবে আরও ভালোভাবে তাদের সাহায্য করা যায়। এটি একটি গতিশীল শিখন প্রক্রিয়া, যা মর্নাইনকে আরও কার্যকর করে তুলবে।
চেরির একজন মুখপাত্র জানিয়েছেন, মালয়েশিয়ার শোরুমগুলোতে মর্নাইন-এর পরীক্ষামূলক ব্যবহার সফল হয়েছে এবং খুব শিগগিরই এটি বিশ্বজুড়ে তাদের শোরুমগুলোতে চালু হতে পারে। গাড়ি নির্মাতা কোম্পানিটি আরও জানিয়েছে, ‘মর্নাইন’ রোবটের আছে বুঝতে পারা, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া ও কাজ সম্পন্ন করার সক্ষমতা। এই রোবটের “সবচেয়ে উপযোগী ব্যবহার” হবে ডিলারশিপের প্রশাসনিক কাজ ও গ্রাহক পরিষেবার ক্ষেত্রে।
চেরির রোবোটিক্স বিশেষজ্ঞরা বলেছেন, মর্নাইন রোবটটি কথাবার্তা ও দেখার (ভিশন) তথ্য ব্যবহার করে, যা এটিকে “শারীরিক ইশারাসহ নানা নির্দেশ ভালোভাবে বুঝতে” সাহায্য করে।
যুক্তরাজ্যে চেরির ওমোডা ও জাইকো ব্র্যান্ডের মুখপাত্র ইয়ান ওয়ালেস বলেছেন, শোরুমে রোবটটির পরীক্ষামূলক ব্যবহার সফল হলে ভবিষ্যতে মানুষের ঘরেও ব্যবহারের জন্য মর্নাইন বাজারে আনা যেতে পারে। তিনি বলেন, “রোবটটি বুদ্ধিমান এক শোরুম সহকারী। সে গ্রাহকদের গাড়ি ঘুরিয়ে দেখাতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে ও চা-কফিও বানাতে পারে। তাই ব্যস্ত শোরুম পরিবেশে যদি কর্মীরা ব্যস্ত থাকেন তখন এটি ব্র্যান্ডের পক্ষ থেকে একজন সহায়ক চরিত্র হয়ে উঠতে পারে।”
ওয়ালেস আরও যোগ করেন, “রোবটটির শেখার ক্ষমতা আছে, তাই সে নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে ও আপনার কণ্ঠস্বর চিনে নিতে পারে। এটিকে ঘরে ব্যবহার করা হলে সে ধীরে ধীরে শিখে নিতে পারবে আপনি কী পছন্দ করেন আর কী অপছন্দ করেন।”
চেরি জানিয়েছে, রোবটটি ‘অটোমোটিভ-গ্রেড হার্ডওয়্যার’ ব্যবহার করে সোজা হয়ে হাঁটতে পারে এবং এতে আছে ‘কুশলী হাত’, যার মাধ্যমে এটি জিনিসপত্র ধরতে পারে। এছাড়াও, এটি বিভিন্ন কণ্ঠস্বর চিনে আলাদা আলাদা গ্রাহককে শনাক্তও করতে পারে।
শাংহাই শো-তে চেরি ‘আর্গোস’ নামে আরেকটি রোবটিক কুকুরও দেখিয়েছে। কোম্পানিটি বলেছে, এই এআই-চালিত প্রাণীটি বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে যারা বাড়িতে আসল পোষা প্রাণী রাখতে পারেন না। এমন লোকদের সঙ্গ দেওয়ার জন্য এটি কার্যকর হবে।
প্রযুক্তির এই দ্রুত অগ্রগতিতে, মানব-রোবট মিথস্ক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি জায়গা করে নিচ্ছে, যা ভবিষ্যতের জীবনযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।