টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার ‘নতুন অধিনায়ক’ শুভমান গিল! বাদ পড়লেন সামি

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে ২৫ বছর বয়সী তরুণ ওপেনার শুভমান গিলকে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মার অবসরের পর টেস্ট দলের নেতৃত্ব কে নেবেন তা নিয়ে গত কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শনিবার ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই জল্পনার অবসান ঘটল।
অধিনায়কত্বের দৌড়ে কারা ছিলেন?
অধিনায়কত্বের দৌড়ে জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ এবং লোকেশ রাহুলও ছিলেন। তবে বুমরা ওয়ার্কলোডের কারণে নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। শোনা গিয়েছিল, তিনি নাকি বোর্ডকেও জানিয়েছেন যে ইংল্যান্ডে তিনটি টেস্টের ধকল তাঁর পক্ষে নেওয়া সম্ভব নয়। ফলে তালিকা আরও ছোট হয়ে গিল ও বুমরার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। বুমরার অনীহার কারণেই তরুণ গিলকেই এই গুরুদায়িত্ব দেওয়া হলো।
সহ-অধিনায়ক পন্থ, বাদ পড়লেন সামি
দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। উল্লেখযোগ্য বাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। আইপিএলে তিনি ছন্দে ছিলেন না, তার উপর পাঁচ দিনের ম্যাচের ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তাঁর বিপক্ষে গেছে। বোর্ডের মেডিক্যাল টিম বিসিসিআইকে এই বিষয়ে জানানোর পরেই সামিকে দল থেকে বাদ দেওয়া হয়। হর্ষিত রানাও সুযোগ পাননি। সাত বছর পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার, যা এক বড় চমক।
ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল:
ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত, যা শুরু হবে ২০ জুন থেকে। ১৮ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হয়েছে:
শুভমান গিল (অধিনায়ক)
জসপ্রীত বুমরা
যশস্বী জয়েসওয়াল
লোকেশ রাহুল
রবীন্দ্র জাদেজা
নীতীশ কুমার রেড্ডি
মহম্মদ সিরাজ
অর্শদীপ সিং
ধ্রুব জুড়েল
ঋষভ পন্থ (সহ-অধিনায়ক)
সাই সুদর্শন
করুণ নায়ার
অভিমন্যু ঈশ্বরন
ওয়াশিংটন সুন্দর
শার্দূল ঠাকুর
প্রসিধ কৃষ্ণা
আকাশদীপ (রিজার্ভ)
কুলদীপ যাদব
সাংবাদিক সম্মেলনে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার এবং অন্যতম সদস্য শিবসুন্দর দাস উপস্থিত ছিলেন। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।