পুকুরে ডুবে ২ নাবালকের মর্মান্তিক মৃত্যু! ঝাড়ফুঁক করতে গিয়েই সব শেষ

শুক্রবার দুপুরে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের দুমকি পূর্ব পাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই নাবালকের। পুকুর পাড়ে খেলতে খেলতে তারা জলে পড়ে যায় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দুই বালকের সন্ধান না পেয়ে বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বিকেলে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। কিন্তু এরপরই এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ দুটিকে হাসপাতালে না নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে পুকুরে নানা ধরনের ঝাড়ফুঁক ও তুকতাক করতে থাকেন। মাথায় করে দেহ দুটিকে পুকুরের চারপাশে ঘোরাতে দেখা যায় এবং বাঁশ দিয়ে পুকুরের জল পেটাতে থাকেন তারা।
ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পরিবারের সদস্যরা তাদের দেহ দুটি উদ্ধার করতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জোর করে দেহ দুটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ উদ্ধার হওয়ার পর হাসপাতালে না নিয়ে গিয়ে কেন দীর্ঘক্ষণ পুকুরে তুকতাক করা হল এবং কেন ঝাড়ফুঁক চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা স্থানীয় এলাকায় অলৌকিক বিশ্বাস এবং কুসংস্কারের প্রভাবকে সামনে নিয়ে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।