ডেবরার জাতীয় সড়কে ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণ! পাশেই ছিল স্কুলবাস, জখম একাধিক

শনিবার সাতসকালে ১৬ নম্বর জাতীয় সড়কের ডেবরা থানার অর্জুনী এলাকা এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কার বিকট শব্দ করে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয়েছেন অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ওই জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কিছু সারাইয়ের জন্য গ্যাস ট্যাঙ্কারটি এসে দাঁড়িয়েছিল। এর কিছুক্ষণ পরই বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

বিস্ফোরণে গ্যাস ট্যাঙ্কারটির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি, ট্যাঙ্কারের পাশে থাকা একটি স্কুলবাস ও দু’টি লরিও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রভাবে স্থানীয় এলাকার বহু ঘরবাড়িরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং এনএইচ (ন্যাশনাল হাইওয়ে) টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে কোনো মৃত্যুর খবর না থাকলেও, আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই ধরনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা মেদিনীপুর জেলায় এই প্রথম। যদিও এর আগে ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ বা পিছন থেকে ধাক্কার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও, বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি। এদিন বিস্ফোরণের বিকট শব্দ শুনে অনেকেই ভূমিকম্প ভেবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। কেউ কেউ আবার বাস-লরির মুখোমুখি সংঘর্ষ ভেবে প্রাণপণে ছুটেছেন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।