নতুন মরসুমের প্রস্তুতি নিয়ে কেরালা ব্লাস্টার, নজর এবার আলবেনিয়ানের উপর

গত ফুটবল মরসুমটি একেবারেই ভালো কাটেনি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। নতুন কোচ মিকেল স্ট্যাহরের (Mikael Stahre) অধীনে ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল, কোনো প্রতিযোগিতাতেই তারা প্রত্যাশিত ফল করতে পারেনি। এই ব্যর্থতার জেরে সুইডিশ কোচ ও তাঁর সমস্ত সাপোর্টিং স্টাফদের বিদায় জানায় ম্যানেজমেন্ট।
এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণ দলের দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের অধীনেই কেরালা ব্লাস্টার্স জয়ের সরণিতে ফিরেছিল। তবে কলিঙ্গ সুপার কাপের আগেই স্প্যানিশ কোচ ডেভিড কাতলার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। যদিও নতুন কোচের হাত ধরেও প্রথম সাফল্যের মুখ দেখা সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে হারালেও পরবর্তী ম্যাচে তারা আটকে যায়।
কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের। বলতে গেলে, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছেই কার্যত নাস্তানাবুদ হয় কোয়ামি পেপরাদের দল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ম্যানেজমেন্ট আর দেরি না করে অনেক আগে থেকেই নতুন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে।
এই পরিস্থিতিতে কেরালা ব্লাস্টার্সের নজর পড়েছে আলবেনিয়ান ফরোয়ার্ড আর্ম্যান্দো সাদিকুর দিকে। উল্লেখ্য, শেষ আইএসএল মরসুম পর্যন্ত এফসি গোয়ার জার্সিতে খেলেছিলেন সাদিকু। সেখানে মোট ২৪টি ম্যাচ খেলে তিনি ১০টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছিলেন, যা নিঃসন্দেহে সকলকে মুগ্ধ করেছিল। পরবর্তীতে এফসি গোয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হলেও, শোনা যাচ্ছে নতুন মরসুমে তাঁকে ভারতে ফিরিয়ে আনতে চাইছে কেরালা ব্লাস্টার্স। যদিও এখনও পর্যন্ত উভয়ের কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে।