বিমানে মহিলা যাত্রীর তুলকালাম কাণ্ড, সহযাত্রীকে হেনস্থা, রেকর্ড ৬৪ লক্ষ টাকা জরিমানা!

লাস ভেগাস থেকে আটলান্টার দিকে যাওয়া ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানে এক মহিলা যাত্রীর অদ্ভুত কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার জেরে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন (FAA) তার উপর সর্বোচ্চ জরিমানা ধার্য করেছে – যা মার্কিন বিমান পরিষেবা ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের জুলাই মাসে। বিমান উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই এই মহিলা যাত্রী অন্য এক পুরুষ যাত্রীর পাশে বসে যৌন আবেদনপূর্ণ কাজ শুরু করেন। তিনি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরতে এবং চুমু খেতে চেষ্টা করেন। কিন্তু সেই ব্যক্তি এই কাজে অস্বীকার করলে, মহিলা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন। বিপদ বুঝে ওই যাত্রী নিজেকে বাঁচাতে পিছিয়ে যান এবং তড়িঘড়ি বিমানের ক্রুদের কাছে সাহায্য চাইতে থাকেন।

এক বিমানকর্মী গোলমাল বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন। যদিও তাতে মহিলা শান্ত না হয়ে উল্টে আরও উত্তেজিত হয়ে ওঠেন। চিৎকার করে পাশে বসে থাকা যাত্রীকে বিমান থেকে ফেলে দেওয়ার কথা বলেন। এরপর তিনি সিট ছেড়ে উঠে আইলে হাঁটতে শুরু করেন এবং বিমানচালককে আটলান্টা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে নিরাপত্তা সহায়তা নেওয়ার অনুরোধ করতে থাকেন।

এই উত্তেজনার পরিস্থিতি আরও চরমে ওঠে যখন সেই মহিলা রাগের মাথায় কাছেই বসে থাকা আরেক যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন। বারবার তাঁকে মারতে থাকেন এবং জোরে কামড়ও বসান। অসহ্য ব্যথায় ছটফট করতে থাকেন সেই যাত্রী। পুরো বিমানের মধ্যে তুলকালাম লেগে যায়। সমস্ত ক্রু এসে সেই মহিলাকে শক্ত করে ধরে পিছনের সিটে নিয়ে গিয়ে বসান যাতে তিনি আর কোনো সমস্যা করতে না পারেন।

তিন ঘণ্টার সফর শেষে আটলান্টা বিমানবন্দরে নামার পর ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের আধিকারিকদের হাতে সেই মহিলাকে তুলে দেওয়া হয়। সমগ্র ঘটনা তদন্ত করে আধিকারিকরা এই সিদ্ধান্তে আসেন যে মহিলার এই কাজ বিমানের নিরাপত্তা বিঘ্নিত করেছে। এই কারণে মহিলার উপরে ৬৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। শারীরিকভাবে সহযাত্রীকে হেনস্থা করার দায়ে এই জরিমানা মার্কিন বিমান পরিষেবা ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ।