পদত্যাগের জল্পনা ইউনুসের, ‘জেলে ভরা উচিত’ বলে তোপ দাগলেন তসলিমা নাসরিন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের পদত্যাগের জল্পনা ঘিরে পারদ চড়ছে বাংলাদেশের রাজনীতিতে। শোনা যাচ্ছে, তিনি পদত্যাগ করলে তাঁর জায়গায় সেনা বাহিনী দায়িত্ব নিতে পারে। এমন জল্পনার মধ্যেই ইউনুসের বিরুদ্ধে কঠোর ভাষায় তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি ইউনুসকে ‘জেলে ভরা উচিত’ বলে দাবি করেছেন।

তসলিমা নাসরিন অভিযোগ করেছেন যে, মহম্মদ ইউনুস বাংলাদেশের একাংশের মানুষকে উত্তেজিত করে দেশে অস্থির পরিস্থিতি তৈরি করেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন এবং দেশের বন্দর-করিডোর বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছেন। তাঁর মতে, এসবের জন্য ইউনুসের শাস্তি হওয়া উচিত। তসলিমা প্রশ্ন তোলেন, ইউনুসের চেয়ে কম অপরাধ করেও যদি অনেকে জেলে যেতে পারে, তাহলে ইউনুসের কেন জেল হবে না?

উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর থেকেই সে দেশে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। ইউনুস জমানায় সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার, শিল্পীদের হেনস্থা ইত্যাদি ঘটনা বারবার উঠে এসেছে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ভারতের তরফে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে। এর উত্তরে ইউনুস সরকার পাল্টা দাবি করেছে যে, বাংলাদেশে তেমন কিছু হচ্ছে না এবং সংখ্যালঘুদের বিষয়টিকে ভারত ‘অতিরঞ্জিত’ করে দেখাচ্ছে। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে।

সম্প্রতি ইউনুসের ভারতের অংশ ‘সেভেন সিস্টার’ নিয়ে মন্তব্যও দিল্লিতে ভালোভাবে গ্রহণ করা হয়নি। ফলে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যে বর্তমানে তলানিতে ঠেকেছে, তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে ইউনুসের সম্ভাব্য পদত্যাগ এবং তসলিমা নাসরিনের মতো ব্যক্তিত্বের কড়া মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।