‘সেনারা কখনও ভয় পায় না’, ২২ দিন পর ফিরলেন BSF জওয়ান, হাওড়ায় উৎসবের আমেজ

পাক রেঞ্জার্সদের হাতে ২২ দিন আটক থাকার পর অবশেষে মুক্ত হয়ে হাওড়ার বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। ভারতের লাগাতার অনুরোধ সত্ত্বেও পাকিস্তান তাঁকে সহজে ফেরত না দিলেও, দীর্ঘ সংকট কাটিয়ে কয়েকদিন আগেই ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি দেশে ফিরেছিলেন। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে পূর্ণম সাউয়ের আগমনে তাঁর পরিবারে এবং গোটা এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়।
সকাল থেকেই পূর্ণমের বাড়িতে ছিল উৎসবের আমেজ। আলো দিয়ে সাজানো হয়েছিল গোটা বাড়ি, রান্না হচ্ছিল তাঁর প্রিয় লুচি-তরকারি, আর এসেছিল পছন্দের দই-মিষ্টি। আত্মীয়-পরিজনদের ভিড়ে বাড়ি ছিল জমজমাট, আর স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছিলেন স্ত্রী।
স্টেশনে নেমেই পূর্ণম নিজের প্রতিক্রিয়ায় বলেন, “খুব মনে পড়ছিল বাড়ির কথা, পরিবারের কথা। এখন নিজের দেশে ফিরতে পেরেছি। খুবই ভালো লাগছে।” তাঁকে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে এগিয়ে আসেন শুভাকাঙ্ক্ষীরা। রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র তাঁকে গাড়িতে বসান এবং পূর্ণমের ঘরে ফেরা স্মরণ করে রাখতে আনন্দ মিছিলের আয়োজন করেন। হাওড়া স্টেশন তখন যেন একবারে উৎসবের মেজাজ ধারণ করেছিল, বাইরে ছিল পুলিশি নিরাপত্তা আর অনুরাগীদের ছোটাছুটি।
২২ দিনের এই ভয়াবহ অভিজ্ঞতার পরেও পূর্ণম নিজের কর্তব্যে অবিচল। তিনি বীরদর্পে ঘোষণা করেন, “ফের কাজে যাব। আগেও কখনও ভয় পাইনি, এখনও পাচ্ছি না, পরেও পাব না।” রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রও পূর্ণমের ঘরে ফেরায় খুশি। তিনি বলেন, “পূর্ণম আমাদের ঘরের ছেলে। রিষড়ার ছেলে। ও আজ নিজের বাড়িতে যেতে পারছে। খুবই ভাল লাগছে।” বাড়ি ফিরতেই পরিবারের সদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এর আগে লিলুয়াতে পূর্ণম সাউকে এনে মিষ্টিমুখ করান রিষড়ার চেয়ারম্যান। সেখানে দাঁড়িয়েও পূর্ণম আরও একবার বলেন, “সেনাদের কখনও ভয় লাগে। সেনারা কখনও কাঁদে না। ফের কাজে ফিরে যাব।”