‘Hera Pheri 3’ নিয়ে আইনি লড়াইয়ে অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল! ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বলিউড পাড়ায় এখন নতুন আলোচনার বিষয়, অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যে শুরু হওয়া আইনি টানাপোড়েন। জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ নিয়েই এই বিতর্কের সূত্রপাত। মাঝপথে ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার অভিযোগে পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় ‘হেরা ফেরি ৩’ ছবিটি প্রযোজনা করছিল অক্ষয়ের সংস্থা। ছবির কিছুটা শুটিংও নাকি হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই পরেশ রাওয়াল ছবি থেকে সরে আসার ঘোষণা করেন, যা বলিউড মহলে শোরগোল ফেলে দিয়েছে।

অক্ষয়ের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, পরেশ রাওয়াল অগ্রিম ১১ লক্ষ টাকা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেই অনুযায়ী, ‘কেপ অফ গুড ফিল্মস’ ছবির প্রচারে নেমে পড়েছিল। ছবির টিজারের শুটিংও হয়ে গিয়েছিল, যেখানে পরেশ রাওয়ালও উপস্থিত ছিলেন। এমনকি, ছবির শুরুর দিকের কিছু অংশের শুটিংও সম্পন্ন হয়। গত ৩ এপ্রিল তিন মিনিটের টিজারের শুটিংয়ে পরেশ রাওয়াল অংশগ্রহণ করেন এবং অক্ষয় ও সুনীল শেঠির সঙ্গে ছবির বিষয়ে বিস্তারিত আলোচনাতেও তিনি ছিলেন। তখনও কোনো আপত্তি জানাননি পরেশ। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে পুরো শুটিং প্রক্রিয়া আটকে গেছে এবং সবকিছু এলোমেলো হয়ে পড়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অক্ষয়ের প্রযোজনা সংস্থা পরেশের কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, সাত দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে, ‘কেপ অফ গুড ফিল্মস’ সিভিল এবং ক্রিমিনাল উভয় ধরনের আইনি পদক্ষেপ নেবে।

পরেশের এই সিদ্ধান্তে হতবাক ছবির আরেক মূল অভিনেতা সুনীল শেঠি। তিনি বলেন, “আমরা দীর্ঘদিনের বন্ধু। অনেক চড়াই-উতরাই দেখেছি। পরিবারের মধ্যেও এমনটা হয়। পরেশ ছাড়া ‘হেরা ফেরি’ অসম্পূর্ণ। ছবি যদি নাও হয়, আমি চাই না দুই বন্ধুর মধ্যে কোনো তিক্ততা তৈরি হোক।”

এদিকে, ছবি ছাড়ার কারণ প্রসঙ্গে পরেশ রাওয়াল এর আগে জানিয়েছিলেন যে, “সৃজনশীলতা নিয়ে কোনো মতপার্থক্য হয়নি। ছবির পরিচালক প্রিয়দর্শনকে আমি অসম্ভব ভালোবাসি, শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি।” তবে পরেশের আচরণে পরিচালক প্রিয়দর্শন নিজেও স্তম্ভিত। তিনি বলেন, “আমাকে কিছু জানাননি উনি, বেরিয়ে যাওয়ার কারণও জানাননি। আমি খুব আহত হয়েছি। আমরা একসঙ্গে একাধিক ছবি করেছি। ফের ওকে পরিচালনা করার জন্য আমি মুখিয়ে ছিলাম।”

‘হেরা ফেরি’ সিরিজ বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি। পরেশ রাওয়ালের ‘বাবুরাও’, অক্ষয় কুমারের ‘রাজু’ এবং সুনীল শেঠির ‘শ্যাম’ চরিত্রগুলি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ছবির স্বত্ব কিনে অক্ষয় নতুন করে ‘হেরা ফেরি’ সিরিজকে বড় পর্দায় ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন। তবে শুটিং শুরু হওয়ার পর পরেশের এই আকস্মিক সিদ্ধান্ত দর্শকদের মধ্যে হতাশা তৈরি করেছে।

পরেশ রাওয়াল ঠিক কী কারণে ছবি থেকে সরে এসেছেন, তা তিনি স্পষ্ট করেননি। তবে বলিউডের অন্দরে গুঞ্জন চলছে যে, ‘বাবুরাও’ চরিত্রটির জনপ্রিয়তা বিবেচনা করে পরেশ রাওয়াল ২৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন। মনে করা হচ্ছে, অক্ষয় কুমার এই পারিশ্রমিক দিতে রাজি না হওয়ায় পরেশ নিজেকে ছবি থেকে সরিয়ে নিয়েছেন, যা এই আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, তা জানতে আগ্রহী পুরো বলিউড।